২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজপ্রিন্টের আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি

নিউজপ্রিন্ট আমদানির ওপর আরোপ করা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার সম্পাদকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:37 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করে তারা এ দাবি জানান।

সম্পাদকেরা বলেছেন, বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্ট আমদানির শুল্ক হার তিন শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং ছাপা খানার প্লেটের শুল্ক তিন শতাংশ থেকে ১২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

অথচ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিনা শুল্কে নিউজপ্রিন্ট আমদানি করা যেত।

তারা তথ্যমন্ত্রীকে বলেন, বাজেটের এ প্রস্তাবনা কার্যকর হলে পত্রিকাগুলোকে প্রকাশনার ক্ষেত্রে অতিরিক্ত প্রায় ২৮ শতাংশ খরচ বহন করতে হবে। এতে আঞ্চলিক সংবাদ পত্রগুলোর অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে। 

জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সাংসদ মঈনুদ্দীন খান বাদল, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক।