বাংলাদেশ হয়ে ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহণ শুরু
বাংলাদেশের কাছ থেকে অনুমতি পাওয়ার পর চট্টগ্রাম ও আশুগঞ্জ দিয়ে আগরতলায় খাদ্যশস্য পরিবহণ শুরু করেছে ভারত।
গত সপ্তাহের শেষেই নৌপথে খাদ্য শস্যের প্রথম চালান পাঠিয়েছে ভারত। এই চালানে তিন হাজার টন খাদ্যশস্য পশ্চিবঙ্গের হলদিয়া বন্দর থেকে বার্জে করে আশুগঞ্জের উদ্দেশে রওনা করেছে।
ভারতের অভ্যন্তরীণ নৌ-পথ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) চেয়ারম্যান বিশ্বপতি ত্রিবেদি বলেন, “এটা আমাদের দুদেশের জন্যই সমান সুযোগ। আমরা আমাদের দূরবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে খাদ্যশস্য পরিবহণের খরচ খুব কমাতে পারবো।
“অন্যদিকে বাংলাদেশের পরিবহণ খাতও লাভবান হবে। কারণ চুক্তি অনুযায়ী তারা জলে ও স্থলে সব ধরণের পরিবহণ যোগান দেবে।”
তিনি বলেন, কলকাতা থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও আগরতলা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে আশুগঞ্জ নৌ-বন্দর দিয়ে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১০ হাজার টন খাদ্যশস্য নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ।
শুক্রবার কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের এক আলোচনা সভায় একথা বলেন ত্রিবেদি।
তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে আমরা এই পথ দিয়ে ৩০ হাজার টন পর্যন্ত খাদ্য শস্য পাঠাতে চাই। এর ফলে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারতের জন বিতরণ ব্যবস্থার জন্য খাদ্য শস্যের খরচ অনেক কমে যাবে।”
ত্রিপুরা সরকারের কর্মকর্তা সমরজিৎ ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশের কাছ থেকে এই অনুমতি পেতে প্রায় তিন মাস সময় লেগেছে।
১০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য পরিবহণের এই অনুমতি এককালীন। তবে ত্রিপুরার কর্মকর্তারা আশা করছেন, বাংলাদেশে আবারো খাদ্য শস্য পরিবহণের সুযোগ দেবে।
নৌপথ ব্যবহারের জন্য প্রোটোকল অনুযায়ী সব নিয়মকানুন মানতে হবে ভারতকে৻ এছাড়া রাস্তা ব্যবহারের ক্ষেত্রে ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়ার জন্য আগে যে এককালীন অনুমতি ছিল – সেই অনুসারে এর কোনো ক্ষয়ক্ষতি হলে ভারতকে তা মেরামত করে দিতে হবে৻
উত্তরপূর্বাঞ্চলে পণ্য পরিবহন করতে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে ট্রানজিটের অনুমতি চাইছে। তবে আলাদা একটি চুক্তির আওতায় ভারত আপাতত বাংলাদেশের ভেতর দিয়ে নির্দিষ্ট নৌপথ অনুসরণ করে উত্তরপূর্বে কয়েকটি জায়গায় পণ্য নিচ্ছে।
