২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ব্যক্তিখাতে বিনিয়োগ সহায়ক নয়: ডিসিসিআই

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যক্তি খাতের বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে না বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বাজেটকে ‘উচ্চাভিলাষী’ হিসেবে মূল্যায়ন করে বাস্তবায়নকে এর মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় ডিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ বৃদ্ধিতে এ বাজেট খুব সহায়ক হবে বলে মনে হয় না।”

অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করার সুযোগ দেয়ায় জমি বেচাকেনায় মূল্যস্ফীতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

এতে বলা হয়, “অপ্রদর্শিত অর্থ জমি, প্লট ও ফ্ল্যাট ক্রয়ে বিনিয়োগ করার সুযোগ দেয়া হয়েছে। এতে জমির মূল্য বেড়ে যাবে। ঢাকা চেম্বার মনে করে এতে বেসরকারি খাতের বিনিয়োগ আরও হ্রাস পাবে।”

এছাড়া শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছরও ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, “ব্যবসায়িক ব্যয় হ্রাসের ক্ষেত্রে কোনো নির্দেশনা বাজেটে উল্লেখ করা হয়নি।”

এছাড়া বাজেটে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সুদূরপ্রসারী তেমন কোনো পরিকল্পনা নেই বলেও মনে করে ঢাকার ব্যবসায়ীদের এই সংগঠন।

সেজন্য শিগগরই প্যাকেজ পরিকল্পনা গ্রহণ করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

সার্কভুক্ত অন্যান্য দেশ ও উন্নত দেশগুলোতে কর্পোরেট করের হার বাংলাদেশের চেয়ে কম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বাজেটে কর্পোরেট কর কমানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি।