বিনিয়োগ আকর্ষণে ভারতের দুই শহরে রোড শো
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতের দুটি বড় শহরে রোড শোর করতে যাচ্ছে বিনিয়োগ বোর্ড।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এর সহযোগিতায় চেন্নাই ও মুম্বাইয়ে রোড শো হবে ২৭ ও ৩০ জুন।
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং রোড শোর বিষয়ে বুধবার ঢাকায় একটি সমঝোতা স্মারক সই করেছে বিনিয়োগ বোর্ড ও সিআইআই।
অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, “এত সম্ভাবনা থাকার পরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানের বাণিজ্য চিত্র হতাশ করে। ভারত থেকে এখানে প্রচুর বিনিয়োগ আসা সম্ভব বলে আমরা মনে করি।”
বিনিয়োগ বোর্ডের উদ্যোগে ভারতে প্রথমবারের মতো এ ধরণের রোড শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ১২টি খাতের প্রায় ২০টি কোম্পানির প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি বলেন, “রোড শোর সময় বাংলাদেশের অনেক খাতে ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগের বিষয়ে চুক্তি করবেন।”
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় উপ রাষ্ট্রদুত সন্দ্বীপ চক্রবর্তী বলেন, “এ অঞ্চলের মধ্যে বাংলাদেশের বিনিয়োগ পলিসি উদার ও খোলামেলা। কেন আমরা এ সুবিধা নেব না।”
বিনিয়োগ বোর্ডের হিসাবে, ২০১২ পযন্ত বাংলাদেশে প্রায় আড়াই বিলিয়ন ডলারের ভারতীয় বিনিয়োগ রয়েছে। ২৭০টি বিনিয়োগের মধ্যে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) ৭৭টি এবং যৌথ বিনিয়োগ ১৯৩টি। এতে ৫১ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
টাকার অঙ্কে দেশে ভারতীয় বিনিয়োগ সবচেয়ে বেশি এসেছে ২০১২ সালে এক হাজার ৮১৯ মিলিয়ন ডলারের।
সিআইআইয়ের মহাসচিব চন্দ্রজিৎ বন্দোপাধ্যায় বলেন, “বাংলাদেশকে বিশেষভাবে বাছাই করেছি আমরা।”
সিআইআই রোড শো ছাড়াও দুদেশের মধ্যে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে খাত ভিত্তিক গবেষণা এবং দুদেশের মধ্যে বিনিয়োগ ইস্যু নির্ধারণে বিনিয়োগ বোর্ডের সঙ্গে কাজ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
