সূচক-লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে
সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বুধবার এ বাজারে প্রায় ৬৬০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যা মঙ্গলবারের থেকে প্রায় ৫০ কোটি টাকা বেশি ।
মঙ্গলবার ডিএসইতে ৬১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৪ অক্টোবর। ৬৯১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল সেদিন ।
মঙ্গলবার ডিএসইএক্স দশমিক ৫ পয়েন্ট কমলেও বুধবার তা ৭৫ পয়েন্ট বেড়েছে।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স উঠতে থাকে। দিন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৪৮ পয়েন্ট নিয়ে।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪৯৮ পয়েন্ট।
এদিন হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
এর আগে সোমবার ডিএসইএক্স ৩১ পয়েন্ট বাড়ে এবং ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এই লেনদেন ছিল সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে রোববার ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বাড়ে এবং ৪৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গত সপ্তাহে ডিএসইর সাবিক সূচকে মোট ১১৫ পয়েন্ট যোগ হয়। দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ২৯৮ কোটি টাকা।
