২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে ‘অনেক প্রত্যাশা’ পুঁজিবাজার সংশ্লিষ্টদের

নতুন অর্থবছরের বাজেট নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের ‘অনেক প্রত্যাশার’ কথা জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 03:25 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বাজেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী বাজেট নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। পুঁজিবাজারের জন্য ভালো কিছু থাকবে এটাই প্রত্যাশা করছি।”

তিনি বলেন, তারল্যের অভাব থাকলে পুঁজিবাজারে আস্থা ফেরে না। তাই তারল্য সরবরাহ বাড়ানোর উদ্যোগ বাজেটে থাকতে হবে।

বিএমবিএ সভাপতি জানান, বাজেট নিয়ে তাদের সুপারিশগুলো আগেই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানানো হয়েছে।

ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের পাওয়া লভ্যাংশের ওপর কর সম্পূর্ণ মওকুফ, মার্চেন্ট ব্যাংকগুলোর করহার সাড়ে ১০ শতাংশ কমিয়ে ২৭ শতাংশ নির্ধারণ, অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে তা কেবল মার্চেন্ট ব্যাংক বা মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে করার বাধ্যবাধকতা দেওয়ার মতো সুপারিশও এর মধ্যে রয়েছে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘দ্বৈত কর’ থেকে অব্যাহতি দেয়া এবং বাজারে তারল্য সরবরাহের জন্য বাজেটে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনেরও দাবি জানিয়েছে বিএমবিএ।

২০১০ সাল জুড়ে ব্যাপক উত্থাণের পর ওই বছরের ডিসেম্বর থেকে দরপতন শুরু হয় দেশের দু পুঁজিবাজারে। এরপর সরকার ও নিয়ন্ত্রক সংস্থাসহ বিভিন্ন পক্ষ থেকে নানা ধরণের উদ্যোগ নেওয়া হয়। বিএসইসি থেকে একগুচ্ছ প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়।

এরপরও গত আড়াই বছরে সাধারণ সূচক প্রায় ৬০ শতাংশ কমে গত মে মাসে ৩৬০০ পয়েন্টের ঘরে চলে আসে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য ৯০০ কোটি টাকার একটি পূনঃঅর্থায়ণ তহবিল গঠনের ঘোষণা দেয়া হয়েছে।

হাফিজ বলেন, গত আড়াই বছর ধরে ক্রমাগত দরপতনের ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে ঠেকেছে। পযাপ্ত তারল্য সরবরাহের মাধ্যমেই এ আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

“দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য পুঁজিবাজার ছাড়া উপায় নেই। সারা দুনিয়াতেই পুঁজি সম্প্রসারণের (ক্যাপিটাল ফরমেশন) চেষ্টা চলছে। তাই পুঁজিবাজারকে কোনোভাবেই উপেক্ষা করতে পারি না আমরা,” বলে হাফিজ।