“ডিএসইতে সাড়ে ৩ মাসে সর্বোচ্চ লেনদেন”
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
সোমবার প্রায় ৫৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা বেশি এবং গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি। ৫৫২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল সেদিন ।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর এ বাজারের সূচক উঠতে শুরু থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্ট হয়।
দিন শেষে এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে দশমিক ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪৬২ পয়েন্ট।
এদিন হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
এর আগে রোববার ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বাড়ে এবং ৪৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গত সপ্তাহে ডিএসইর সাবিক সূচকে মোট ১১৫ পয়েন্ট যোগ হয়। দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ২৯৮ কোটি টাকা।
