২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্ট নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের উদ্যোগ

বাংলাদেশের পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে ওয়াল-মার্ট ও গ্যাপের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতাদের প্রধান ফেডারেশনও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

এরই মধ্যে তারা বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তার জন্য নতুন পরিকল্পনা নির্ধারণে একটি বৈঠক করেছে।

আর যুক্তরাষ্ট্রের সর্বদলীয় পার্লামেন্ট সদস্যদের একটি গ্রুপ বৃহস্পতিবার নতুন এই উদ্যোগের কথা জানিয়েছে।

শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের পাশাপাশি গ্যাপ, জেসি পেনি, সিয়ার্স, টার্গেট ও অন্যান্য খুচরা বিক্রেতারা ‘বাংলাদেশের পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে একটি কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করবে।

আগামী জুলাইয়ের প্রথম দিকে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

মার্কিন কোম্পানিগুলোর কর্মপরিকল্পনা প্রণয়নের এ প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনেটর জর্জ জে. মিশেল ও অলিম্পিয়া জে স্নোয়ে।

কর্মপরিকল্পনা নির্ধারণে ওয়াল-মার্ট, গ্যাপ ও অন্যান্য খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গত বুধবার নিউ ইয়র্কে একটি বৈঠক করেন।

এ বিষয়ে ওয়াল-মার্টের মুখপাত্র কেভিন গার্ডনার বলেন, “পোশাক কর্মীদের জীবনমানের উন্নয়নে অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে কিছু করা দরকার।”

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে এক হাজার একশ’র বেশি শ্রমিকের মৃত্যুতে বাংলাদেশি পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা হয়। ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপরও কারখানার নিরাপত্তা নিশ্চিতে নতুন করে চাপ সৃষ্টি হয়। কোথাও কোথাও এসব প্রতিষ্ঠানের পণ্য বর্জনের ঘোষণা দেন ক্রেতারা।

এ পরিস্থিতিতে গত ১২ মে পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ‘বাংলাদেশে অগ্নি ও ভবন নিরাপত্তা’ নামে একটি চুক্তিতে সই করে ইউরোপের প্রধান পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। চুক্তিতে কারখানার নিরাপত্তার জন্য পাঁচ বছরে অন্তত ছয় কোটি ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয় তারা।

এছাড়া চুক্তি অনুযায়ী কারখানার নিরাপত্তা পর্যবেক্ষকদের কার্যালয় স্থাপনের জন্যও একটি তহবিল করতে রাজি হয়েছে ইউরোপীয় ক্রেতারা। ওই চুক্তিতে এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসার, বেনেটন, ম্যাঙ্গো, ইন্ডিটেক্স, টেসকো, টমি হিলফিগার, ক্যালভিন ক্লেইন, জারা ও প্রাইমার্কের মতো ৩০টি বড় কোম্পানি সই করেছে।

তবে বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াল-মার্ট ও গ্যাপসহ উত্তর আমেরিকার অন্য ১২টি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ওই চুক্তিতে সই করতে সে সময় অস্বীকৃতি জানায়। ছয় মাসের মধ্যে বাংলাদেশে ওয়াল-মার্টের পোশাক প্রস্ততকারী ২৭৯টি কারখানায় নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেয় বহুজাতিক এ প্রতিষ্ঠানটি।