যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ রোববার
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) শুরু হচ্ছে রোববার, যেখানে উভয় দেশের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতারাও উপস্থিত থাকবেন।
পোশাক কারখানায় দুর্ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাহার নিয়ে আলোচনার মধ্যে দ্বিতীয়বারের মতো এ অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আনুষ্ঠানিক সংলাপের আগে উভয় দেশের ব্যবসায়ীদের নেতাদের একটি বৈঠক হবে, যেখানে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে খোলামেলা আলোচনা করবেন তারা।
সচিব শহীদুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংলাপে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। সেগুলো হলো- বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা।”
গত সাভারে ভবন ধসে বিপুল সংখ্যক পোশাক শ্রমিকের প্রাণহানির ঘটনায় পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হয়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহার সংক্রান্ত আলোচনাও নতুন করে সামনে আসে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, “আমরা চাই দুই দেশের ব্যবসায়ীরা খোলামেলা আলোচনা করুক। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ জন ব্যবসায়ী প্রতিনিধি বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।”
গত বছর মে মাসে একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, যার আওতায় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
গত বছর সেপ্টেম্বরে ওয়াশিংটনে প্রথম অংশীদারিত্ব সংলাপ হয়।
সংলাপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা জানিয়েছেন।
