শুল্ক কমানোর ও প্রণোদনা বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীদের
আসন্ন বাজেটে বিভিন্ন পণ্য আমদানিতে আরোপিত শুল্ক ও মূল্য সংযোজন করের (ভ্যাট) হার কমানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।
এছাড়া করমুক্ত আয়ের সীমা বাড়ানোসহ রপ্তানি শিল্প ও আমদানি বিকল্প শিল্পে সরকারের প্রণোদনা বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় এসব প্রস্তাব করা হয়।
রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও এনবিআর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ছিলেন বিশেষ অতিথি।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও এনবিআরের কর্মকর্তারা অংশ নেন।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ আগামী বাজেটে অন্তর্ভুক্তির জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ২২ দফা প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে সামগ্রিক অর্থনীতি, আমদানি-রপ্তানি, অবকাঠামো উন্নয়ন ও আয়কর সংক্রান্ত বিভিন্ন সুপারিশ রয়েছে।
ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির স্বার্থে অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ঋণের সুদহার কমিয়ে ১২ শতাংশের মধ্যে আনা এবং কোনো প্রকল্পে গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত তার জন্য নেওয়া ব্যাংক ঋণের সুদ মওকুফ করার দাবি জানান তিনি।
সভায় ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা দুই লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়।
প্রস্তাবনার মধ্যে আরো রয়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে আরোপিত শুল্ক প্রত্যাহার, কোনো তৈরি পণ্য ও তার কাঁচামাল আমদানিতে একই শুল্ক হার থাকলে তার মধ্যে যৌক্তিক ব্যবধান আনা, ব্যবসায়িক কর গড়ে পাঁচ শতাংশ কমানো, শিল্পের মৌলিক কাচামালের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহার করা এবং জেলা পর্যায়ে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা দেয়া।
সভায় প্রাক-জাহাজীকরণ অনুসন্ধান (পিএসআই) ব্যবস্থা একেবারে তুলে না দিয়ে পর্যায়ক্রমে তুলে দেয়ার প্রস্তাব করেন এফবিসিসিআই সভাপতি।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সরকারের পূর্বঘোষণা অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে আগামী বাজেটে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলে অন্যান্য অগ্রাধিকার খাতগুলোতে বিনিয়োগ সংকুচিত হবে।
এই বরাদ্দ কয়লা উত্তোলনে দেওয়ার প্রস্তাব করে তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নেই। দেশে যে পরিমাণ কয়লা আছে তাতে আগামী ৫০ বছর ধরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।”
ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেন আইসিসিবি সভাপতি।
সভায় ভবন নির্মাণের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেন এফবিসিসিআইয়ের সদ্য সাবেক সভাপতি একে আজাদ।
তিনি মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা এবং শিল্পের মৌলিক কাঁচামাল আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সভাপতি জাহাঙ্গীর আলামীন স্থানীয় ঋণ পত্রের বিপরীতে বর্তমানে ধার্য ৫ শতাংশ আয়কর প্রত্যাহার করার প্রস্তাব করেন।
পুঁজিবাজার চাঙ্গা করতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর কমানোর প্রস্তাব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সবুর খান ।
একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের জন্য কমপক্ষে ৩ বছরের কর অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।
সভায় কালো টাকা সাদা করার পদ্ধতি আরো সহজ করে জরিমানা কমানোর প্রস্তাব করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন।
বাংলাদেশ নিটপোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম নতুন বাজারে তৈরী পোশাক পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন।
এছাড়া টিটির মাধ্যমে পাওয়া রপ্তানি বিলের বিপরীতেও নগদ সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।
দ্বৈত কর আরোপের শিকার প্লাস্টিক খাতের ব্যবসায়ীদের জন্য আলাদা হারে কর আরোপের ব্যবস্থা করার প্রস্তাব করেন এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মো. জসিমউদ্দিন।
নতুন ও পুরাতন গাড়ি আমদানিতে বিদ্যমান শূল্কবৈষম্য দূর করার দাবি জানান রিকন্ডিশন্ড গাড়ির আমদানিকারক ও পরিবেশকদের সমিতি বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন।
তিনি বলেন, গাড়ি আমদানিতে সিসি স্লাব ৬ স্তর থেকে কমিয়ে ৪ স্তরে আনলে রাজস্ব আয় বাড়বে।
জাহাজ রপ্তানিকে প্রচ্ছন্ন রপ্তানি খাত হিসেবে গণ্য করার প্রস্তাব করেন জাহাজ নির্মাণ শিল্প খাতের উদ্যোক্তাদের পক্ষে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ বারী।
ব্যাংক ঋণের সুদহারকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান ব্যবসায়ী আওলাদ হোসেন বাদল।
নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার উত্তরবঙ্গের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র ও সারের চাহিদা মেটানোর জন্য উত্তরবঙ্গে একটি সারকারখানা স্থাপনে বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব করেন।
তার প্রস্তাবে অর্থমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানান, উত্তরবঙ্গে একটি সারকারখানা করার পরিকল্পনা সরকারের রয়েছে।
সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফায়েজ উদ্দিন আমদানি বিকল্প পণ্যের শিল্প স্থাপনে প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন।
একইসঙ্গে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিপরীতেও প্রণোদনা চান তিনি।
বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আফসারুল ইসলাম টিটু বীমা কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্স কমিয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মতো করার প্রস্তাব করেন।
এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, পরিচালক শাহজারুল মজুমদার, আনোয়ার হোসেন, মনজুর আহমেদ, আব্দুল হক, মাহমুদউল্লাহ ও শফিকুল ইসলাম ভূইয়া, বিএসআরএমের প্রতিনিধি গাজী আনোয়ার হোসেন, বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদা মুস্তাকিম, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি আক্কাচ মাহমুদ, ইলেকট্রিক্যাল খাতের প্রতিনিধি মোশাররফ হোসেন ভূইয়া, রেস্তোরাঁ মালিক সমিতির রেজাউল করিম সরকার, পাথর ব্যবসায়ী আজীম, রি-রোলিং স্টীল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, রিহ্যাবের যুগ্মসচিব ওয়াহেদুজ্জামান, রাবার বাগান মালিক সমিতির সভাপতি মির্জা আনোয়ার, আয়ুর্বেদ ও মৌ-চাষী সমিতির সভাপতি এএফএম ফখরুল ইসলাম, ভবন নির্মাণ উপকরণের ব্যবসায়ী জাকির হোসেন সরকার, আব্দুস সালাম, রাশেদুল হায়দার ও জেকে চট্টোধ্যায় বক্তব্য রাখেন।
