নকশায় গড়মিল পেলেই সদস্যপদ স্থগিত: বিজিএমইএ
সাভারে ভয়াবহ ভবন ধসে শ্রমিকদের হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে ‘দুর্ঘটনা’ এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
এর মধ্যে রয়েছে সদস্যভুক্ত গার্মেন্ট কারখানায় থাকা জেনারেটর নিচ তলায় নামিয়ে আনা এবং ভবনের কাঠামোগত নকশা ও লোডের হিসেব ‘বিজিএমইএ ও বিকেএমইএ-কে অবহিত করতে সময় বেঁধে দেয়া।
তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার বিকালে হাতিরঝিলে বিজিএমইএ ভবনে জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়।
পরে সংগঠনের সহ-সভাপতি এসএম মান্নান কচি সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত তুলে ধরেন। এ সময় সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী উপস্থিত ছিলেন।
“বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত যেসব কারখানার জেনারেটর ভবনের উপরের তলায় রয়েছে তা আগামী এক মাসের মধ্যে নিচ তলায় নামাতে হবে।”
“বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের স্টাকচারাল ডিজাইন এবং লোড ক্যালকুলেশন করে এক মাসের মধ্যে বিজিএমইএ এবং বিকেএমইএ এর কাছে জমা দিতে হবে।”
এসব তথ্যে গড়মিল পাওয়া গেলে লাইসেন্স স্থগিত করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বলে জানান এসএম মান্নান কচি।
রানা প্লাজায় যে পাঁচটি পোশাক করখানা ছিল এগুলোর হতাহত শ্রমিকদের সাহায্যার্থে একটি তহবিল গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।তহবিলে বিজিএমইএ ও বিকেএমইএ এর সদস্যভুক্ত সব প্রতিষ্ঠান আগামী সাত দিনের মধ্যে ন্যূনতম ২৫ হাজার টাকা দেবে।
সভায় বিকেএমইএর পক্ষ থেকে সংগঠনটির সহ সভাপতি মো. হাতেম বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের হাতে এক কোটি টাকার চেক হস্তান্তর করেন।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবেলায় ডিজাস্টার রিলিজ ফান্ড খোলার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
