২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে যোগ হচ্ছে ২টি বোয়িং ৭৭৭

হজ ফ্লাইট এবং রুট সম্প্রসারণের অংশ হিসেবে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ভাড়ায় আনার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার দুপুরে কুর্মিটোলার বিমান সদরদপ্তর বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল।

কেভিন বলেন, “দীর্ঘ মেয়াদে দুটি বোয়েং ৭৭৭-২০০ ইআর মডেলের দুটি উড়োজাহাজ ভাড়ায় আনতে আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই উড়োজাহাজ দুটি আগামী হজ ফ্লাইট পরিচালনায় সহায়ক হবে। হজ ফ্লাইট শেষে আগামী বছরের নভেম্বর মাস থেকে এগুলো দিয়ে নতুন নতুন গন্তব্যে ফ্লাইট চালানো হবে।”

গত ১৮ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন কেভিন জন স্টিল।

বিমানে যোগ দেয়ার আগে কেভিন জন স্টিল ব্রিটিশ এয়ারওয়েজের হয়ে সিঙ্গাপুর, চীন, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও সৌদি আরবে কাজ করেছেন।

বিমানের বর্তমান আর্থিক পরিস্থিতিতে ভাড়ায় আনা উড়োজাহাজ সহায়ক হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কেভিন বলেন, “ভাড়ায় আনা উড়োজাহাজগুলো থেকে আমরা যেন আর্থিকভাবে লাভবান হতে পারি এই জন্য ‘ড্রাই লিজ’ নেয়া হবে। যেগুলো বিমানের পাইলট এবং ক্রু দিয়ে পরিচালিত হবে।”

এভিয়েশনের ভাষায় সাধারণত দুই পদ্ধতিতে উড়োজাহাজ ভাড়ায় আনা হয়- ওয়েট লিজ এবং ড্রাই লিজ। ওয়েট লিজ ব্যবস্থায় উড়োজাহাজের সঙ্গে পাইলট এবং ক্রু ও ভাড়ায় আনা হয়। আর ড্রাই লিজ পদ্ধতিতে শুধু উড়োজাহাজ আনা হয়।

ড্রাই লিজে আনা উড়োজাহাজ বিমান ব্যাবসার জন্য বেশি সহায়ক হয় বলে সংশ্লিষ্টদের অভিমত।

এছাড়াও আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরো দুটি বোয়িং ৭৭৭ দেশে এসে পৌঁছাবে বলে জানান বিমান এমডি কেভিন।

“আমাদের বহর সম্প্রসারণ হয়ে গেলে আমি আশাবাদী যে আগামী দুই বছরের মধ্যে বিমান একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।”

যাত্রীদের সেবার মান বাড়াতে আগামী জুলাইয়ের মধ্যে বিমানের জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হবে বলেও জানান তিনি।

কেভিন বলেন, “নতুন ওয়েবসাইট নির্মানের জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে। বিশ্বের খ্যাতনামা এয়ারলাইন্সগুলোর আদলে তৈরি এ ওয়েবসাইট দিয়ে আগে থেকেই আসন নির্দিষ্ট করা, অগ্রিম বুকিং, পছন্দের খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে।”

ক্রেডিট কার্ড ব্যাবহার মূল্য পরিশোধ করাসহ অতিরিক্ত মালামাল বহনের ভাড়াও এ ওয়েবসাইটের মাধ্যমে পরিশোধ করা যাবে বলে জানান তিনি।