২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ককে আবারো আর্থিক সুবিধা দেয়ার সুপারিশ

ঋণ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মধ্যে থাকা হল-মার্ক গ্রুপকে আবারো আর্থিক সুবিধা দেয়ার সুপারিশ এসেছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

Image
‘২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে হল-মার্ক’

‘২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে হল-মার্ক’

হল-মার্কের সার্বিক পরিস্থিতি নিয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে উপস্থাপিত প্রতিবেদনে এ ধরনের সুপারিশ করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সম্প্রতি সব দায়-দেনা নিয়মিত করে আবারো ব্যাংকিং সুবিধা প্রাপ্তিসহ সার্বিক ব্যবসায়িক কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে আবেদন করে হল-মার্ক।

এই প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে হল-মার্কের দায়-দেনা নিয়মিত করে আবারো ব্যাংকিং কার্যক্রম চালুসহ সার্বিক ব্যবসায়িক কার্যক্রম চালু করার বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন পাঠাতে বলা হয়।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য তৈরি করা ওই প্রতিবেদনের একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

ওই প্রতিবেদনে হল-মার্কের ঋণ পুনঃতফসিল করার এবং আবার অর্থায়নের পক্ষে সুপারিশ করা হয়েছে। এছাড়া অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও ঋণ পুনঃতফসিল করা এবং আগে আদায় করা অর্থ পুনঃতফসিলের ‘ডাউন পেমেন্ট’ হিসেবে গণ্য করার সুপারিশ এসেছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি চালু হলে ব্যাংকের আর্থিক অবস্থা ভালো হবে এবং তা দেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে প্রদীপ কুমারের মোবাইল নম্বরে কয়েকবার ফোন করার পর এসএমএস পাঠানো হলেও তিনি ফোন ধরেননি। এরপর সরাসরি সাক্ষাতের জন্য সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে তিনি ব্যস্ত আছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী জহির আহমেদ।  

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্স স্পিনিং মিলস ও আনোয়ারা স্পিনিং মিলসের নামে হল-মার্কের ঋণ পুনঃতফসিলের প্রস্তাব করা হয়েছে।

এই নাম স্বর্বস্ব প্রতিষ্ঠান দুটির নামে হল-মার্ক এক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এই টাকার বিপরীতে কোন ধরনের জামানত রাখা এমনকি চার্জ ডকুমেন্টও সম্পাদন করা হয়নি।

একইসঙ্গে হল-মার্কের কাছ থেকে নগদ, এলসি বাতিল ও আইবিপি সমন্বয়ের মাধ্যমে আদায় করা ৪০৫ কোটি টাকাকে পুনঃতফসিলের ডাউন পেমেন্ট হিসেবে গণ্য করার প্রস্তাব রাখা হয়েছে।

তবে এ ধরনের প্রস্তাব ব্যাংকিং আইন অনুযায়ী কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

তারা বলছেন, হল-মার্ককে ঋণ বিতরণের ক্ষেত্রে ‘একক ঋণগ্রহিতা সীমা’ বিষয়ক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। উপরন্তু হল-মার্কের বিরুদ্ধে কোনো ধরনের মামলা না করে ঋণ পুনঃতফসিল করার প্রস্তাব করা হয়েছে।

ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে একজন গ্রাহককে ব্যাংকের পরিশোধিত মুলধনের ৩৫ শতাংশের বেশি ঋণ না দেওয়ার নিয়ম থাকলেও এক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে।

বিধিবহির্ভূত এই অতিরিক্ত ঋণদানকেও বৈধ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে।

মারাত্মক ভাবমুর্তির সংকটে থাকা হল-মার্ক গ্রুপ বিদেশি ক্রেতাদের কাছ থেকে রপ্তানি আদেশ পাবে বলে প্রতিবেদনে প্রত্যাশা করা হয়েছে।

গত বছরের ৩১ মে পর্যন্ত সোনালী ব্যাংক থেকে নানা জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৯৬৪ কোটি ৪৪ লাখ টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপ।

এরমধ্যে এলসি বাতিল, আইবিপি সমন্বয় ও সামান্য নগদ আদায়ের মাধ্যমে ৪০৫ কোটি টাকা আদায় করেছে সোনালী ব্যাংক।

সর্বশেষ ৩১ মার্চ পর্যন্ত হালনাগাদ হিসেবে, হল-মার্ক গ্রুপের কাছে সোনালী ব্যাংকের পাওনা (ফান্ডেড-নন ফান্ডেড) রয়েছে ২ হাজার ৫৫৯ কোটি ৪৩ লাখ টাকা।

এই ঋণের বিপরীতে পুনঃতফসিল এবং পুনঃতফসিল পরবর্তী সুবিধা পেতে হলে ব্যাংককে ৩২৬ কোটি টাকা নগদ দিতে হবে হল-মার্কের।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মন্দ মানের খেলাপী ঋণের ক্ষেত্রে ডিমান্ড লোন সর্বোচ্চ ৯ মাস এবং মেয়াদি ঋণ সর্বোচ্চ ১৮ মাসের জন্য পুনঃতফসিল করা যায়।

কিন্তু হল-মার্কের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের প্রতিবেদনে ২০ বছরের জন্য পুনঃতফসিলের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে গড় সুদহার ১৫ শতাংশ ধরে পুনঃতফসিলের ১২ মাস পর থেকে কিস্তি আদায়ের প্রস্তাব করা হয়েছে।

কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হল-মার্ক কারখানাটি পুনরায় চালুর পক্ষে সম্প্রতি মত প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘কারখানাটি চালু করতে আরো অর্থায়নের প্রয়োজন হতে পারে’- গত ২৭ মার্চ অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর সমালোচনা ওঠে যে তিনি হল-মার্ককে আরো অর্থ দিতে চাইছেন, যে কারখানার বিরুদ্ধে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে।

ঋণ কেলেঙ্কারির পর হল-মার্কের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা বেশ কয়েকটি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কারাগারে রয়েছেন।