২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগ পরিদর্শনে গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ব্যাংকের প্রধান কার‌্যালয়ের বিভিন্ন বিভাগ সোমবার আকস্মিক পরিদর্শন করেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

তিনি সকালে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, সিআইপিসি, কৃষি বিভাগ, এসএমই বিভাগ, মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ, ডিলিং রুম ও ডে কেয়ার সেন্টার ঘুরে ঘুরে দেখেন।

সেইসঙ্গে গভর্নর ব্যাংকের কিউবিক্যালস কার‌্যক্রমও পরিদর্শন করেন।  

এ সময় ড. আতিউর কিছু বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও মতিঝিল অফিসের ক্যাশ বিভাগের কার‌্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে এ বিভাগের কাজের সমন্বয়হীনতা দেখেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় গভর্নর দেখতে পান যে অনেক কাউন্টারে কোনো কর্মকর্তা নেই। আবার কোনো কোনো কাউন্টারে বেশ ভিড় দেখা যায়।  

ড. আতিউর গ্রাহকদের যাতে কোন ভোগান্তি না হয় তা খেয়াল রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দেন কর্মকর্তাদের।

এদিকে আগামী ২০ এপ্রিল স্কুল ব্যাংকিং সমাবেশ এবং ২৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল কার‌্যক্রমের অগ্রগতি নিয়ে ব্যাংকের দুটো কর্মসূচি রয়েছে।

এরমধ্যে ডিজিটাল কার‌্যক্রমের অগ্রগতি বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

এ দুটো অনুষ্ঠানের প্রস্তুতির অগ্রগতি দেখতেও গভর্নর সংশ্লিস্ট বিভাগে যান।