সূচক বেড়েছে ডিএসইতে
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সুচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৯৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩২৯ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৮৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২৩৫টির, কমে ৩১টির। অপরিবর্তিত ছিল ৮টির দাম।
সোমবার লেনদেন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ২২ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৪৭ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১১৪ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।
এর মধ্যে গত সপ্তাহের সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়, যা গত ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর সর্বনিম্ন অবস্থান।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।
