ডিএসইতে সূচক কিছুটা বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সূচক কিছুটা বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম দিকে সূচক নামে। লেনদেনের শেষ দুই ঘণ্টায় সূচক উঠে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫১৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩০৬ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২০৪টির, কমে ৪৯টির। অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১১৪ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।
এর মধ্যে গত সপ্তাহের সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়, যা গত ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর সর্বনিম্ন অবস্থান।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ
