২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষারোপ বন্ধ করে প্রকৃত কারণ খুঁজুন: রকিবুর

একজনের দোষ আরেকজনের ঘাড়ে না চাপিয়ে শেয়ারবাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) সভাপতি রকিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার ডিএসইতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাজারের বর্তমান দরপতনের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। একজন আরেকজনের উপর দোষ চাপালে হবে না”

“দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অনেক সময় দায়িত্বহীন অনেক কথা-বার্তা শোনা যায়, যা বাজারে বারবার নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং দায়িত্বশীল যে কোনো স্টেকহোল্ডারের কাছ থেকে দায়িত্বশীল কথাবার্তা আসা উচিত”, যোগ করেন তিনি।

গত ১ মার্চ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ব্রোকার হাউস এবং অন্যরা মিলে শেয়ারবাজারে কারসাজি করছে।

এ প্রসঙ্গে রকিবুর বলেন, “কোনো স্টক ব্রোকার বা স্টক ডিলার কারসাজির সঙ্গে জড়িত থাকলে তাঁদেরকে ধরুন। আইনের আওতায় আনুন। তাঁদেরকে শাস্তি দিন।”

আনরিয়েলাইজড লসের বিপরীতে ব্যাংকগুলোর প্রভিশন স্থগিত রাখার ব্যাপারে রকিবুর রহমান জানান, ২০১৩ সালের ৩১ মার্চের পরিবর্তে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকগুলোর প্রভিশন স্থগিত রাখার দাবি জানানো হবে।

এছাড়া পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী রেগুলেটরি ক্যাপিটালের ২৫ শতাংশ নির্ধারণের জন্য অর্থমন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে ডিএসই প্রেসিডেন্ট জানান।

রকিবুর বলেন, আগামী ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তিনি আসন্ন বাজেটে পুঁজিবাজারের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিও জানাবেন।

দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা উল্লেখ করে ডিএসইর সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই বাজারে আজ নিম্নমুখী অবস্থা বিরাজ করছে। অনেক বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন।

ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছি। বাজারের সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি। ইতিমধ্যে বেশ কিছু নীতিগত সমস্যা খুঁজে পেয়েছি। সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক মিজানুর রহমান, মিনহাজ মান্নন ইমন, হানিফ ভূঁইয়া ও প্রধান অর্থ কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী।