২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মোবাইল মেলা ২৩ এপ্রিল

মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটারসহ নানা প্রযুক্তি পণ্য নিয়ে রাজধানীতে মেলা বসছে আগামী ২৩ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

‘৫ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি ফেয়ার-২০১৩’ এর আয়োজকরা জানান, মেলায় মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি, ফোনসেট আমদানিকারক ও নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডার, মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানিকারক, সফটওয়ার নির্মাতা, অনলাইন ব্যাংকিং, ওয়াইম্যাক্স, এম কমার্স সার্ভিস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কম্পিউটার-ল্যাপটপ নির্মাতা ও আমদানিকারক, আর্থিক ও ইনস্যুরেন্স কোম্পানিসহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

বিএমবিএ সভাপতি এবং মেলার আহবায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেন, “দেশব্যাপি মোবাইল ফোনের গ্রাহক বৃদ্ধির পাশাপাশি এ খাতের সেবার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এবারের মেলা।”

তিনি জানান, মেলা উপলক্ষে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় ও ‘অফার’ থাকবে।

মেলার গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।