২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের যাত্রা শুরু

যাত্রা শুরু হলো প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থাপিত প্রথম বেসরকারি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, “আমি বহু বছর ধরে এনআরবি ব্যাংকের কথা ভাবতাম। আজ সেই ধরনের একটি ব্যাংক উদ্বোধন করতে পেরে আমি খুশি।”

এনআরবি কমার্শিয়াল ব্যাংকসহ তিনটি ব্যাংককে লাইসেন্স দিয়ে বাংলাদেশ ব্যাংক সোমবার প্রজ্ঞাপন দেয়।

নতুন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি নুরুল আমীন, এফবিসিসিআইয়ের পরিচালক এ কে এম শাহিদ রেজাও ছিলেন।

নতুন ব্যাংকটির চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাছত আলী, ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্যাংক কোম্পানি আইন যথাযথভাবে অনুসরণের জন্য নতুন ব্যাংটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। 

অলস টাকা সংগ্রহ করে বিনিয়োগে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি গতিশীল রাখতে ব্যাংকের দায়িত্ব স্মরণ করিয়ে দেন মুহিত।

“তবে ব্যাংক শুধু তার মুনাফার দিকটাই দেখবে না, কিছু সামাজিক দায়িত্বও পালন করবে,” বলেন তিনি।

গভর্নর আতিউর রহমান আশা প্রকাশ করেন, নতুন ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে আরো জনগণ ব্যাংক ব্যবস্থার আওতায় আসবে।

আইন-কানুন মানার পরামর্শ দিয়ে তিনি নতুন ব্যাংকের কর্মকর্তাদের সতর্কও করেন তিনি।

“আইনের কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।”

নজরুল ইসলাম মজুমদার এনআরবি ব্যাংকের আমানত সংগ্রহের বিষয়টি সুস্পষ্ট করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান।

“এনআরবি ব্যাংকগুলোর জন্য একটা ব্যবস্থা এমন হতে হবে যে তারা বিদেশ থেকে কী পরিমাণ আমানত সংগ্রহ করবে, আর দেশ থেকে কী পরিমাণ আমানত সংগ্রহ করবে।”

ব্যাংকটির চেয়ারম্যান ফরাছত আলী বলেন, যারা প্রবাস থেকে দেশে ফিরে আসছে, তাদের তাদের দক্ষতা অনুযায়ী কর্মসেংস্থানে বিনিয়োগ করবেন তারা।

প্রবাসীদের কাছে সরকারের বন্ড বিক্রি, বিদেশ থেকে দেশে আমানত বাড়ানোর চেষ্টাও থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনা, ব্যাংক স্থাপনের লক্ষ্য উদ্দেশ্য, ব্যাংকের পণ্য ও সেবা বিষয়ে একটি ডিজিটাল উপস্থাপনা হয়।

এতে বলা হয়েছে, বিশ্বের ১২টি দেশের ৫৩ জন উদ্যোক্তা এই ব্যাংকটি স্থাপন করেছেন। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা।

ব্যাংকের প্রধান কার্যালয়  নেয়া হয়েছে রাজধানীর ১১৪ মতিঝিলের রেড ক্রিসেন্ট ভবনে।

বর্তমান সরকার বেসরকারি খাতে নয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থাপিত।

১৯৮২ সালে আরব-বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে বেসরকারি খাতের ব্যাংকের যাত্রা শুরু।

বর্তমানে ৩০টি বেসরকারি ব্যাংক কাজ করছে দেশে। নতুন এই নয়টি যোগ হলে ৩৯টি বেসরকারিসহ মোট ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৫৬টি।