হরতাল প্রত্যাহারের অনুরোধ পোশাক শিল্প মালিকদের
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে পোশাক শিল্প মালিকদের দুটি সংগঠন।
সোমবার এক যুক্ত বিবৃতিতে হরতালে তৈরি পোশাক রপ্তানি খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করে বিজিএমইএক ও বিকেএমইএ।
বিজিএমইএ সচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, যেভাবে ঘন ঘন হরতাল আহবান করা হচ্ছে, তা অব্যাহত থাকলে বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী পোশাক শিল্পের ধারাবাহিকতা ও ভাবমূর্তি কোনভাবেই ধরে রাখা সম্ভব হবে না। ইতিমধ্যেই ঘন ঘন হরতাল আহ্বান করায় পোশাক শিল্পে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
এতে বলা হয়, গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিনের টানা হরতাল চলাকালে রাশিয়া থেকে পোশাক শিল্পের কয়েকজন ক্রেতা ঢাকা এসেও বিমানবন্দর থেকেই ফিরে গেছে। ইতিমধ্যেই চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক শিল্পের প্রায় পাঁচশ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে গেছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কোনো কারণে অস্তিত্ব হারালে দেশের বিশাল জনগোষ্ঠী বিশেষ করে গ্রাম থেকে আসা ৩২ লাখ নারী শ্রমিক কর্মহীন হয়ে পড়বে, যার ভার বহনের সামর্থ্য এ অর্থনীতির নেই।
বিবৃতিতে বলা হয়, জাতীয় অর্থনীতি, বিশেষ করে পোশাক শিল্পের ক্রমাগত সাফল্য ধরে রাখার স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল পরিহার করার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ রাজনৈতিক দলগুলোকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে।
