নতুন নেতৃত্ব পেল চট্টগ্রাম চেম্বার
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম। তিনি ২০১৩-১৪ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন।
রোববার বিকালে চেম্বার মিলনায়তনে নব-নির্বাচিত পরিচালকমণ্ডলী এক সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করে।
চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালক এম এ মোতালেবের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নুরুন নেওয়াজ সেলিম প্রথম সহ-সভাপতি ও সৈয়দ জামাল আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হন।
নতুন সভাপতি মাহবুবুল আলম চেম্বারের আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। নতুন সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম ছিলেন সহ-সভাপতি। তিনি ব্যবসায়ী সেলিম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বতর্মান চেয়ারম্যানও।
এর আগে শনিবার চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট হয়। এতে মাহবুবুল-সেলিম পরিষদ ২৪ পরিচালক পদের ২০টিতে জয়ী হয়। সদ্যবিদায়ী সভাপতি মোরশেদ মুরাদ-এম এ ছালাম পরিষদ থেকে নির্বাচিত হয় চার জন।
