বায়ার্স ক্রেডিটের তথ্য জানতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ
দেশে পণ্য আমদানির বিপরীতে কি পরিমাণ ঋণ আসছে তা নিশ্চিত হতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
ফলে এই ঋণ ও ঋণের সুদ পরিশোধ বাবদ কোন সময়ে দেশ থেকে কী পরিমান বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে বা যাবে তারও আগাম কোনো হিসেবে থাকছে না সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এতে বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো জটিলতায় পড়ছে।
বাংলাদেশ ব্যাংক তাই বায়ার্স ক্রেডিটের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ব্যাংকগুলো থেকে এসব তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি ছকও তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। আগামী সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপন জারি হলে ব্যাংকগুলো তাদের কোনো গ্রাহককে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানির সুযোগ দিলে তার পরিমান, সুদ হার, ঋণের মেয়াদ ইত্যাদি তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নির্বাহী পরিচালক মো. আহসানউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী পরিমাণ বায়ার্স ক্রেডিট আসছে তার একটি হিসেব থাকা দরকার। এতে যেমন বায়ার্স ক্রেডিট বিষয়ে ধারণাও থাকবে তেমনি মনিটর করাও সহজ হবে।”
২০১২ সালের জানুয়ারিতে বায়ার্স ক্রেডিট গ্রহণের ব্যবস্থা চালু করে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
সেই থেকে দেশের উদ্যোক্তারা মুলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ইত্যাদি আমদানিতে এই ঋণ গ্রহণ করে আসছে।
বায়ার্স ক্রেডিট হচ্ছে দেশের আমদানিকারকের বিদেশি কোনো প্রতিষ্ঠানের থেকে বৈদেশিক মুদ্রায় নেওয়া ঋণ। দেশের কোনো আমদানিকারক মুলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি করতে আমদানিকারক স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারেন। এক্ষেত্রে সুদ হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।
কোনো ঋণের সুদ হার কেবল ৬ শতাংশ হলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয় ব্যাংকগুলোর। কিন্তু সুদের হার ৬ শতাংশের কম হলে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার বিধান নেই।
বিদেশের অনেক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যারা এ ধরনের বিনিয়োগের জন্য বাংলাদেশে আসছেও।
সম্প্রতি ‘ন্যাশনাল ব্যাংক অব ওমান’ বাংলাদেশে বায়ার্স ক্রেডিট দেওয়ার প্রস্তাব নিয়ে আসে। ব্যাংক গ্যারান্টি বা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের বিষয়ে ব্যাংকটির প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও বৈঠক করেছে।
ইতিমধ্যে জেপি মরগান, আইএফসি, আইডিবি, এইচএসবিসি, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকসক বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আমদানিকারকদের এ ধরনের ঋণ দিচ্ছে।
আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে বায়ার্স ক্রেডিট ব্যবস্থা চালু আছে। তবে তার সুদ হার অনেক কম। কারণ বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে যাদের উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের ব্যবস্থা নেই। ওইসব দেশ বায়ার্স ক্রেডিট দিয়ে থাকে। বাংলাদেশ অবশ্যই সেই সুবিধা নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে সুদ হারের বিষয়ে সতর্ক হওয়া উচিত। একইসঙ্গে কি পরিমান ঋণ আসছে তারও ষ্পষ্ট পরিসংখ্যান থাকা উচিত। তা না হলে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হবে।
