চট্টগ্রাম চেম্বারে জয়ী মাহবুবুল-সেলিম পরিষদ
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে অধিকাংশ পরিচালক পদে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়ী হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় নির্বাচন কমিশনার জামাল উদ্দিন আহমেদ ভোট গোনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চেম্বারের ছয় হাজার ৪৮ ভোটারের মধ্যে ৪ হাজার ১৩১ জন ভোট দিয়েছেন।
নতুন নির্বাচিত পরিচালকরা বিকালে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- 'অর্ডিনারি' গ্রুপ থেকে নুরুন নেওয়াজ সেলিম, একেএম আকতার হোসেন, এম এ মোতালেব, কামাল মোস্তফা চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী বাবর, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ মোর্শেদ, মো. দিদারুল আলম।
'এসোসিয়েট' গ্রুপ থেকে মাহবুবুল আলম, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ছৈয়দ ছগীর আহমেদ, মো. সিরাজুল ইসলাম।
'টাউন এসোসিয়েশন' -এ বিজয়ীরা হলেন- আনোয়ার শওকত আফসার, বেলাল আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়া ট্রেড গ্রুপের তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সৈয়দ জামাল আহমেদ, মাজহারুল ইসলাম চৌধুরী ও জহুরুল আলম।
মোরশেদ মুরাদ-ছালাম পরিষদ থেকে নির্বাচিত চার পরিচালক হলেন- 'অর্ডিনারি' গ্রুপের মোরশেদ মুরাদ ইব্রাহীম, এম এ ছালাম, মোরশেদ আরিফ চৌধুরী ও মাহফুজুর রহমান।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হওয়ার কথা থাকলেও নমিনি ভোটার নিয়ে জটিলতায় এক সদস্যের রিটের প্রেক্ষিতে আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়।
হরতাল ও আইনি জটিলতায় চারবার পিছিয়ে যায় এ নির্বাচন।
