২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কারখানায় রেফ্রিজেরেটর তৈরি বাড়িয়েছে ওয়ালটন

ওয়ালটন এখন বছরে ১৪ লাখ রেফ্রিজেরেটর উৎপাদন করতে পারবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

গ্রীষ্ম মৌসুমের শুরুতে চাহিদা বাড়ার আগেই ৩ লাখ বর্গফুট জায়গার ওপর স্থাপন করা নতুন কারখানায় উৎপাদন শুরু করেছে ওয়ালটন।  

এতে বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ লাখ বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতিদিন উৎপাদন হবে ৪ হাজার রেফ্রিজেরেটর।

বিদেশের বাজার ধরতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করলেও উন্নত মানের এসব রেফ্রিজেরেটর ও ফ্রিজার দেশের পাওয়া যাবে দেশের বাজারেও।

ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের প্রধান লোকমান হোসেন আকাশ বলেন, “ওয়ালটনের নতুন কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে খুব শিগিগিরই আমরা উন্নত বিশ্বের বাজারে প্রবেশ করতে সক্ষম হব।”

মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন কারখানার প্রয়োজন ছিল। তাছাড়া উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য বিলাসবহুল পণ্য তৈরির পরিকল্পনাও ছিল তাদের।  

নতুন কারখানার রেফ্রিজেরেটরগুলোর ধারণ ক্ষমতা ৭০০ লিটার বা ৩০ সিএফটির ওপরে।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, “সম্পূর্ণ অটোমেটিক এই নতুন উৎপাদন ইউনিটে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমরা ট্রিপল টেস্টিং সিস্টেম সম্বলিত মেশিনারিজ সেটআপ করেছি। গুণগত উচ্চমান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি প্রোডাক্ট স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সময় বিভিন্ন উপায়ে টেস্টিংয়ে থাকবে।”