২৭ ও ২৮ মার্চের হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা বুধবার ও বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
ঘোষণার পর পরই সন্ধ্যায় এক বিবৃতিতে হরতাল প্রত্যাহারের আহ্বান জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
বিবৃতিতে হরতালে ব্যবসায়ী সমাজের গভীর উদ্বেগ ও উৎকন্ঠা তুলে ধরে বলা হয়, জাতীয় অর্থনীতির স্বার্থে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে সমুন্নত রাখতে এ হরতাল প্রত্যাহারের জন্য ব্যবসায়ী সমাজ হরতাল আহবানকারী রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।
এতে বলা হয়, দেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এ ধরনের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটছে, জীবন-জীবিকার জন্য সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। বিশেষ করে বিভিন্ন উৎপাদনশীল খাত, রপ্তানিমুখী শিল্প, ব্যাংক, বিমা, পরিবহন, স্বাস্থ্যসেবা ও মানব সম্পদসহ দেশের সব অর্থনৈতি ভিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
“বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এ অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সর্বোপরি ক্রমাগত হরাতলের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্থ হয়ে পড়েছে।
