স্টক ডিলাররা ৩ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন
ব্যাংকগুলো এখন থেকে স্টক ডিলারদের তিন কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। আগে এ সীমা ছিল এক কোটি টাকা পর্যন্ত।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে ঋণ দেয়ার এ সীমা নির্ধারণ করে দেয়া হয়।
পুঁজিবাজারে তারল্য বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি পুঁজিবাজারের জন্য খুব ভাল সিদ্ধান্ত। এর ফলে স্টক ডিলাররা আগের চেয়ে বেশি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবেন এবং বাজারও একটা সাপোর্ট পাবে।”
ঋণের পরিমাণ বাড়ানোর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয় “বাজার পরিস্থিতি বিবেচনায় অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত রেখে স্টক ডিলারকে(যারা শুধুমাত্র নিজের জন্য শেয়ার/ডিবেঞ্চারের ক্রয়-বিক্রয় করে থাকেন) শেয়ার/ডিবেঞ্চারের বিপরীতে সরোচ্চ তিন কেটি টাকা ঋণ প্রদান করা যাবে।”
এতে আরো বলা হয়, কোনো ব্যাংক একজন ডিলারের ‘এ’ ও ‘বি’ গ্রুপভুক্ত শেয়ারের অনুকূলে বিগত ছয় মাসের গড় বাজার মূল্যের সর্বাধিক ৭০ শতাংশ ঋণ দিতে পারবে এবং ‘এ’ ও ‘বি’ গ্রুপভুক্ত ডিবেঞ্চারের অনুকূলে বিগত ছয় মাসের গড় বাজার মূল্যের সর্বাধিক ৬০ শতাংশ পযর্ন্ত ঋণ দিতে পারবে।
