২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমেছে দুইশ' পয়েন্ট

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দুইশ’ পয়েন্টেরও বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

২৭ জানুয়ারি নতুন এই সূচক চালু হওয়ার পর এই সর্বোচ্চ দরপতন, যার কারণ হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তাকে দেখছেন সংশ্লিষ্টরা।

রোববার জামায়াতের ডাকা হরতালের মধ্যে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২০৭ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬৫ পয়েন্ট হয়, যা নতুন এই সূচকের সর্বনিম্ন অবস্থান।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬৭ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৬৪ পয়েন্ট।

পুরানো সূচক ডিজিইএন দাঁড়িয়েছে তিন হাজার ৮৪৮ পয়েন্টে, যা গত ১৩ মাসের মধ্যে সবনিম্ন। এর আগে এরচেয়ে কম সূচক ছিল গত বছরের ২ জানুয়ারি তিন হাজার ৮৪৫ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৯টির, কমে ২৩৮টির। অপরিবর্তিত ছিল ১টির দাম।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।

দরপতনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের পুঁজিবাজারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটা নেতিবাচক প্রভাব পড়েছে। পুঁজিবাজারের বড় বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ না করে পর্যবেক্ষণে চলে গেছেন। তাই বাজারে বড় ধরনের দরপতন হচ্ছে।”

১৪ ফেব্রুয়ারির পর থেকে ৯ কার্যদিবসে ডিএসইর নতুন সূচক কমেছে ৩৩২ পয়েন্ট বা ৭.৭ শতাংশ ।

পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিনিয়োগকারীরা এক ধরনের অনিশ্চিয়তার মধ্যে আছে, তারা মনে করছে বাজার আরো পড়তে পারে। তাই তারা শেয়ার কিনছেনা এবং হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছে।”

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘমেয়াদী অস্থিতিশিল রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে, বিক্রির চাপ বেড়েছে কিন্তু সেই হারে বাড়েনি কেনার চাহিদা তাই বাজারে দরপতন হচ্ছে।”

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে সবকিছুতেই প্রভাব পরে, পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর জায়গা, তাই এখানে প্রভাব বেশি পড়েছে।”