লভ্যাংশ ঘোষণায় দেরি ব্যাংকগুলোর
গত বছরের তুলনায় লভ্যাংশ ঘোষণা করতে দেরি করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো।
বুধবার পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র কেবল একটি ব্যাংক (ইস্টার্ন ব্যাংক) তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। অথচ গত বছর ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেছিল ১৩টি ব্যাংক।
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণায় দেরি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১২ সালে ব্যাংকগুলো ভালো মুনাফা করতে পারেনি, তাই লভ্যাংশ ঘোষনা করতে দেরি করছে।”
ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকগুলোর লভ্যাংশের ঘোষণা আসলে বাজারে ব্যাংকের শেয়ারগুলো লেনদেন হত, এতে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পরত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ ওসমান ইমাম বলেন, “ব্যাংকগুলো ২০১৩ সালের প্রথম তিন মাস (জানুয়ারি-মার্চ) মুনাফার অবস্থা দেখবে, তারপর ঠিক করবে বিনিয়োগকারীদের ২০১২ সালের মুনাফার উপর কিরকম লভ্যাংশ দেওয়া হবে।”
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ টি ব্যাংক ২০১০ সালে মোট মুনাফা করে ৬ হাজার ৫৯৪ কোটি টাকা, ২০১১ তে মোট মুনাফা ১৩ শতাংশ কমে হয় ৫ হাজার ৭৩৫ কোটি টাকা এবং ২০১২ সালের প্রথম ৬ মাসে ব্যাংক গুলো মুনাফা করেছিল ২ হাজার ৪৮৬ কোটি টাকা ।
