২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র আর্থিক প্রতিবেদন প্রকাশ

২০১২ সালের চতুর্থ প্রান্তিকে এক শতাংশ রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে চতুর্থ প্রান্তিকের প্রতিবেদন উপস্থাপন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

প্রতিবেদন উপস্থাপনকালে রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ১০ সেকেন্ড পালস ও পোস্ট অ্যাকটিভেশন কার্যকর করায় ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার এবং রাজস্ব আয় কিছুটা কমেছে।

মাহতাব বলেন, ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে রবি ২ লাখ ৪০ হাজার নতুন গ্রাহক পেয়েছে, যা গত ৩য় প্রান্তিকের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। ২০১২ সালের প্রথম তিন প্রান্তিকে গড়ে প্রতি প্রান্তিকে গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ।

২০১২ সালের তৃতীয় প্রান্তিকে রবির ৬৬০ মিলিয়ন টাকা লোকসান হয়েছিল জানিয়ে তিনি বলেন,  গ্রাহক সংখ্যা কম বৃদ্ধি পাওয়ার পরও এ প্রান্তিকে  কোম্পানি লাভের অঙ্কে পৌঁছেছে। পোস্ট অ্যাকটিভেশন চ্যালেঞ্জের মধ্যে গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে ১২৪ কোটি ৯০ লাখ টাকা কর হিসাবে খরচ হওয়ার পরও রবি এ প্রান্তিকে লাভ করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালে ২২ হাজার ৯৮১ মিলিয়ন টাকা সরকারকে রাজস্ব হিসেবে দিয়েছে রবি।

সংবাদ সম্মেলনে রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদসহ কোম্পানির অন্যান্য  উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালের শেষ নাগাদ রবি নেটওয়ার্ক বা বিটিএস ডিসট্রিবিউশন, ক্যাপাসিটি এন্ড কভারেজ, জিওগ্রাফিক্যাল কভারেজ ৮৯ শতাংশ বৃদ্ধি পয়েছে এবং পপুশেলন কভারেজ বৃদ্ধি পয়েছে ৯৮.৭ শতাংশ। চতুর্থ প্রান্তিকে নতুন ৮৯টি বিটিএস স্থাপন করা হয়েছে। ফলে ২০১২ সালের শেষ পর্যন্ত মোট বিটিএস সংখ্যা ৮,৬৮৪টিতে দাঁড়িয়েছে।

২০১২ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিসাবে রবির স্টেকহোল্ডারদের মাধ্যমে দেশে ১৭,৫৭৭ মিলিয়ন টাকা প্রবেশ করেছে এবং সে বছর কোনো ডিভিডেন্ডের প্রস্তাব করা হয়নি।

২০০৬ সাল থেকে রবি তার স্টেকহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি, কিন্তু একই সময়ে স্টেকহোল্ডারদের মাধ্যমে ২৬,৭৭৪ মিলিয়ন টাকা বিনিয়োগ হয়েছে।