২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমনিবাস হিসাব স্থানান্তরে সময় বাড়ছে না

অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে স্থানান্তরের সময় বাড়ছে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের সময় বাড়তে মার্চেন্ট ব্যাংকদের আবেদন বিবেচনা না করার সিদ্ধান্ত হয়।

এর আগে ৩০ ডিসেম্বর মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাব বন্ধের সময় দুই মাস বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা। ওই দিন জারি করা এক নির্দেশনায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের সময় বেধে দেওয়া হয়।

এরপর কয়েকটি মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে সময় বাড়াতে আবারও আবেদন করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক বিজ্ঞপ্তিতে মার্চেন্ট ব্যাংকগুলোকে ৩০ ডিসেম্বরের মধ্যে সমস্ত অমনিবাস গ্রাহকদের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ দেয়।

অমনিবাস হিসাবের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তখনও বিএসইসির নির্ধারিত সময়ের মধ্যে অমনিবাস হিসাব বন্ধ করা সম্ভব নয় বলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়।

একই সঙ্গে প্রতিটি গ্রাহকের জন্য পৃথক বিও হিসাব খুলতে সময়সীমা বাড়ানোরও আবেদন করা হয় মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে।