ছয় দিন পর সূচক বাড়লো
টানা ছয় দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১০ মিনিটেই সূচক বাড়ে ৪৬ পয়েন্ট। এরপর তা কমতে থাকে। তবে বেলা সাড়ে ১১টা থেকে সূচক আবার বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪৬৫ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ২৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২১১টির, কমে ৩৪টির। অপরিবর্তিত ছিল ২২টির দাম।
সোমবার সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে প্রায় ৪৮ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স কমে প্রায় ৯৬ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৯৫ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। গড় লেনদেন হয় ৪৮৩ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লি., আরগন ডেনিমস, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, পূবালী ব্যাংক, বিএসসিসিএল, এনভয় টেক্সটাইল, সানলাইফ ইন্সুরেন্স ও কেপিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আরগন ডেনিমস, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লি., ইউনিক হোটেল, এনএইচএফ আইএল, সানলাইফ ইন্সুরেন্স, ৭ম আইসিবি, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস, তাল্লু স্পিনিং ও রিলায়েন্স ১।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এফএএস ফাইনান্স ইনভেস্টমেন্ট, কে এন্ড কিউ, এফবিএফ আইএফ, মডার্ন ডাইয়িং, সাভার রিফ্রেক্টরিজ, আইপিডিসি, ইমাম বাটন, প্রগতি লাইফ ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট ও এসআলম কোল্ড রোল্ড স্টিল।
