প্রযুক্তি প্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর সীমা বেড়েছে
তথ্য-প্রযুক্তি পণ্য বা সেবা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিদেশে অর্থ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে যেসব প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি পণ্য বা সেবা রপ্তানি করে তারা বছরে ২০ হাজার মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে।
এর আগে এসব প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠাতে পারতো।
দেশের বাইরে অফিস ব্যবস্থাপনাসহ বিভিন্ন ব্যয় মেটাতে আইটি বা সফটওয়্যার সেবাদানকারী এসব প্রতিষ্ঠান দেশের বাইরে অর্থ নিয়ে থাকে। সার্বিকভাবে ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিদেশে বেশি অর্থ পাঠানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)।
