অযৌক্তিক হরতাল মহাহুমকি: এফবিসিসিআই
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের ‘অযৌক্তিক হরতাল ও সাংঘর্ষিক রাজনীতিকে’ উন্নয়নের জন্য ‘মহাহুমকি’ বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এ পরিস্থিতিতে দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে অর্থনীতির স্বার্থে রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একই আহ্বান জানিয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শুক্রবার রাজধানীসহ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালানোর পর ‘কর্মসূচিতে বাধা’ দেয়ার অভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে কয়েকটি ইসলামীপন্থী দল। বিএনপি ও জামায়াতে ইসলামী এই হরতালে সমর্থন জানিয়েছে।
শনিবার বিকালে শিল্প ও বণিক সমিতির এক সংবাদ বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন রাজনৈতিক দল উপর্যুপরি হরতাল আহ্বান করায় সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা এনে দিয়েছে। অযৌক্তিক ঘন ঘন হরতালের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় পড়েছে। হরতাল অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে বিঘ্নিত করছে এবং বিদেশে রপ্তানি পণ্যের বাজার ধ্বংস করছে।’
এসএসসি ও সমমানের পরীক্ষার হরতাল ও নৈরাজ্যকর পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।
রাজধানীর পল্টনে মিছিলকারীদের তাণ্ডব
সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে হানাহানির পথ পরিহার করে আলোচনায় মাধ্যমে সমস্যা সমাধানেরও আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
রোববারের হরতাল প্রত্যাহার করে ভবিষ্যতেও এ ধরনের আত্মঘাতি কর্মসূচি থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঘন ঘন হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ নিরীহ মানুষের জানমালের ক্ষতি দেশের ব্যবসায়ী সমাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। হরতাল যেমন গণতান্ত্রিক অধিকার তেমনি হরতাল না করাটাও জনগণের গণতান্ত্রিক অধিকার। জোর করে, সন্ত্রাস করে, ভয়-ভীতি দেখিয়ে হরতাল সংগঠিত করাকে ব্যবসায়ী সমাজ প্রত্যাখান করে।
‘সাম্প্রতি বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যে বেশ কয়েক জনের অকাল প্রাণহানি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ হয়েছে। ব্যবসায়ী সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ধরনের কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে।’
এদিকে বিজিএমইএর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ধর্মভিত্তিক কয়েকটি দল আগামীকাল সকাল-সন্ধ্যা এবং পরদিন চট্রগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
একই বিবৃতিতে বিকেএমইএও উদ্বেগ প্রকাশ করেছে বলে জানানো হয়।
