ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান
ভারতের আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (অ্যামচেম) প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন এদেশের ব্যবসায়ীরা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সফররত ভারতের অ্যামচেমের ১৭ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে বৃহষ্পতিবার দুপুরে বাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ব্যবসায়ীরা বলেছেন, বাংলাদেশে অবকাঠামো সংকট আছে, জ্বালানির অভাব আছে, এদেশে রেলওয়ের উন্নয়ন হয়নি। এসব সমস্যা আছে বলেই বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের সুযোগও আছে।
এদেশে বিনিয়োগের ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়ে ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস) সুবিধা বাতিল না করার আহবান জানান।
তিনি জানান, ডিসিসিআই একটি ডিসপ্লে সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে যার মাধ্যমে বিভিন্ন দেশের শিল্প উদ্যোক্তা নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবে।
ভারতের অ্যামচ্যামের প্রতিনিধিদলের নেতা ভিশাল কে ওয়ানচুক বলেন, বাংলাদেশের অবকাঠামোর ব্যাপক চাহিদা রয়েছে। এক্ষেত্রে ভারতীয় অ্যামচ্যামের সদস্যদের বড় ধরনের সক্ষমতা আছে। বাংলাদেশে বিনিয়োগ হলে এদেশ সেই সক্ষমতার সুযোগ নিতে পারবে।
অ্যামচেম, বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগের আদর্শ জায়গা। এদেশে প্রথমে বিনিয়োগের কিছু সমস্যা প্রাথমিকভাবে অনুভূত হলেও মুনাফা অনেক বেশি হয়। বিনিয়োগ থেকে লাভ আসে খুব দ্রুত। এ কারণে কোনো বিনিয়োগকারী এদেশে একবার বিনিয়োগের পর ফেরত যায়নি।
