‘মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা’
বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও ব্যাপক মুদ্রার সরবরাহ বাড়িয়ে ঘোষণা করা নতুন মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “বাস্তবতার ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। আমরা এ মুদ্রানীতি ও কেন্দ্রীয় ব্যাংরকের গভর্নরকে সাধুবাদ জানাই।”
মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের মুখ্য নীতি সুদহার (রেপো, রিভার্স রেপো) দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। বাড়ানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও ব্যাপক মুদ্রার সরবরাহ।
সামগ্রিকভাবে এ মুদ্রানীতির ধরণ ‘সম্প্রসারণমূলক’ হলেও গভর্নর একে বলছেন ‘ভারসাম্যমূলক’।
মুদ্রানীতি ঘোষণার সময় পুঁজিবাজার পরিস্থিতি প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, “বাজারের কার্ক্রমে স্থিতিশীলতা ও গতিশীলতা রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সক্রিয় সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
রকিবুর রহমান বলেন, “এ মুহূর্তে সংকোচনমূলক মুদ্রানীতি করার কোনো অবকাশ নেই। কেন্দ্রীয় ব্যাংক সেটা করেছে। এছাড়া গভর্নর মুদ্রা বাজারের সঙ্গে পুঁজিবাজারের সমন্বয় বাড়ানোর ওপর গুরত্বারোপ করেছেন। এজন্য তাকে আমরা অভিনন্দন জানাই।”
সিএসই সভাপতি আল মারুফ খান বলেন, “এবার মুদ্রানীতি প্রনয়নের ক্ষেত্রে (যোগাযোগ) সমন্বয় বেড়েছে। এটা পুঁজিবাজারের জন্য ভাল হয়েছে।”
মুদ্রানীতিতে ঋণ ও আমানতের সুদের হার (স্প্রেড) ‘আরও’ কমনোর জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
আল মারুফ বলেন, সুদের হার না কমালেও স্প্রেড কমালে পরোক্ষ ভাবে সুদের হার কমবে। এতে পুঁজিবাজারের জন্য ভাল হবে।
“আর ঋণ প্রবাহ বাড়লে ব্যাবসা বানিজ্য ভাল হবে। পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের চাহিদা বাড়বে। এটাও পুঁজিবাজারের জন্য ভালো হবে।
