লেনদেনের শীর্ষে ‘নবাগত’ সানলাইফ
বাজারে আসার প্রথম দিনেই লেনদেনের শীর্ষে উঠে এসেছে ‘সানলাইফ ইন্সুরেন্স লিমিটেডের’ শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় ৮৩ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। আর দিনশেষে এ শেয়ারের দাম হয় ৮২ টাকা ১০ পয়সা।
প্রথম দিন বলে এ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কোনো সীমা রাখা হয়নি।
ডিএসইতে এদিন মোট ২৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৭ কোটি বা ৯ শতাংশ শেয়ারই ছিল সানলাইফ ইন্সুরেন্সের।
মোট ৩ কোটি শেয়ারের মধ্যে ১ কোটি ২০ লাখ বাজারে ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করেছে সানলাইফ ইন্সুরেন্স লিমিটেড।
