২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুঁজিবাজারের প্রধান সমস্যা আটকে থাকা মার্জিন ঋণ’

পুঁজিবাজারে আটকে থাকা প্রায় ১৫ হাজার কোটি টাকার মার্জিন ঋণকে বাজারের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মার্জিন ঋণ নিয়ে আটকে যাওয়া পোর্টফোলিওগুলোকে সচল করতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।

পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

অর্থনীতির সব সূচক গত তিন বছরের মধ্যে দ্বিগুণ-তিনগুণ হওয়া এবং অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থাকার পরও বাজারে আস্থা না আসার জন্য মার্জিন ঋণকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করন ডিএসই সভাপতি।

তিনি বলেন, “কিন্তু পুঁজিবাজারের গলদটা কোথায়? গিট্টু কোথায় লেগে আছে তা খুলতে হবে। সমস্যা কোথায় তা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করার চেষ্টা করেছি আমরা।

“বাজারের প্রধান সমস্যা প্রায় ১৫ হাজার কোটি টাকা মার্জিন ঋণ আটকে থাকা। সবার আগে এ সমস্যা সমাধান করা প্রয়োজন।”

মার্জিন ঋণ নিয়ে নেতিবাচক অবস্থায় থাকা পোর্ফোলিওগুলোর ইক্যুইটির হিসাবকে ডিসক্রিশনারি হিসাবে পরিণত করে লেনদেন করার সুযোগ দেয়াসহ কয়েকটি প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে পাঠানো হয়েছে বলে জানান রকিবুর।

Image
প্রবৃদ্ধির সঙ্গে বেমানান ঢাকার পুঁজিবাজার

প্রবৃদ্ধির সঙ্গে বেমানান ঢাকার পুঁজিবাজার

প্রস্তাবে বলা হয়েছে, বিনিয়োগকারীদের পক্ষে ওই হিসাবগুলোতে লেনদেন করবে ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংকগুলো। ইক্যুইটি ১০০ টাকার মধ্যে ৩৫ টাকা ফেরৎ এলে পোর্টফোলিও বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।

বিএসইসির বিধান অনুযায়ী, মার্জিন ঋণ নিয়ে ইক্যুইটি নেতিবাচক অবস্থায় চলে গেলে ওই পোর্টফোলিওতে লেনদেন করা যায় না।

সদস্যপদের বিপরীতে শেয়ার লেনদেনের জন্য প্রচলিত সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দেয়ার সীমা তুলে দেওয়ারও প্রস্তাব করেছেন ডিএসই সভাপতি।

রকিবুর, “এটার সীমা নির্ধারণ করতে হবে গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়টি অবহিত করতে হবে।”

এছাড়াও সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা কোর মূলধনের ৪০ শতাংশ করা ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রভিশনিং সহজ করাসহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন তিনি।

এদিকে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে একটি কমিটি গঠন করেছে ডিএসই।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।

কমিটির আর সদস্যরা হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের চেয়ারম্যান তপন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর সভাপতি নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবীর হোসেন ও সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটু, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি নুরুল আমীন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ এবং ডিএসই পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার-উজ-জামান।