আর এন স্পিনিং মিলসের এমডি-সচিব বরখাস্ত
শেয়ার সংক্রান্ত আইন ভাঙার কারণে আর এন স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও সচিবকে বরখাস্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি।
এর পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং দুই পরিচালককে জরিমানাও করা হয়েছে বলে বলে সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়।
এতে বলা হয়, বিএসইসি ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিনেন্সের ২০ এর (এ) ধারার ক্ষমতাবলে আর এন স্পিনিংয়ের কোম্পানি সচিব হুমায়ুন কবির এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের ফারুককে এই মুহূর্ত থেকে বরখাস্ত করা হল।
বিএসইসির আওতায় পড়ে এমন কোনো কোম্পানিতে হুমায়ুন আগামী পাঁচ বছর কোনো কাজ করতে পারবেন না।
এছাড়া আইন ভঙ্গ করায় কোম্পানিকে ১০ লাখ, ব্যবস্থাপনা পরিচালককে ৫০ লাখ, পরিচালক কিম জং সুককে ৫০ লাখ এবং পরিচালক শিরিন ফারুখকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
