মুদ্রানীতি নিয়ে ব্যাংকার্স বৈঠক রোববার
নতুন মুদ্রানীতিকে সামনে রেখে রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক।
‘ব্যাংকার্স সভা’ নামে এই বৈঠকটি হবে নতুন বছরের প্রথম বৈঠক।
৩১ জানুয়ারি নতুন মুদ্রানীতি (জানুয়ারি-জুন) ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবারই নতুন মুদ্রানীতি ঘোষণার আগে ব্যাংক নির্বাহীদের মতামত-পরামর্শ নেয়া হয়। তারই ধারাবাহিকতায় রোববার ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হবে।”
বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো ব্যাংকার্স মিটিং সক্রান্ত আলোচ্য সূচিতে মুদ্রানীতি ছাড়াও ব্যাংক ঋণ বিতরণে সতর্কতা, ঋণের সুদ হার, সরকারি সিকিউরিটিতে ব্যাংকের বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এর আগের সভায় হলমার্কসহ বিভিন্ন ব্যাংকে অনিয়ম রোধে ব্যাংকগুলোর নিজস্ব তদারকি বাড়াতে বলা হয়েছিলো। সে বিষয়ে ব্যাংকগুলোর অগ্রগতি কি তা বৈঠকে আলোচনা হবে।
নতুন মুদ্রানীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই সাবেক গভর্নর, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছে।
