‘গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের বক্তব্য কল্পনাপ্রসূত’
গ্রামীণফোন থেকে ৩০ হাজার কোটি টাকা লভ্যাংশ পাওয়ার কথা অস্বীকার করেছে গ্রামীণ টেলিকম ।
গ্রামীণফোন থেকে পাওয়া ৩০ হাজার কোটি টাকা গ্রামীণ টেলিকমে স্থানান্তর হয়েছে বলে বুধবার দাবি করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তার বক্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানায় গ্রামীণ টেলিকম।
গ্রামীণ টেলিকমের কোম্পানি সচিব নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হকের প্রদত্ত বক্তব্য সত্য নয় বিধায় পাঠক মনে বিভ্রান্তি হতে পারে, তাই প্রকৃত তথ্য তুলে ধরার জন্যই এই বিবৃতি।”
“প্রকাশিত খবরে গ্রামীণ টেলিকম গ্রামীণফোন থেকে ৩০ হাজার কোটি টাকা লভ্যাংশ প্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে, তা আদৌ সঠিক নয়, এটা তার (মোজাম্মেল হক) নিতান্তই ব্যক্তিগত ও কল্পনাপ্রসূত বক্তব্য।”
বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন একটি পাবলিক লিমিডেট কোম্পানি। এ পর্যন্ত ঘোষিত লভ্যাংশ তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারায় লিমিটেড বাই গ্যারান্টি দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি বলে নাজমুল আলম জানান।
তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের সাথে গ্রামীণ টেলিকমের কোনো সম্পর্ক বা চুক্তি নেই। গ্রামীণ টেলিকমের অর্জিত লভ্যাংশ গ্রামীণ ব্যাংক পাবে, তার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।”
