২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দাবিনামা কেন্দ্রীয় ব্যাংকে

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য নামে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের একটি সংগঠন বাংলাদেশ ব্যাংকের কাছে ১২ দফা দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার দুপুরে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের সঙ্গে দেখা করে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নরের প্রটোকল অফিসার এ এফ এম আসাদুজ্জামান কাদের সাক্ষাতের আগে সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগকারীদের এই সংগঠনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বৈঠক নেই।”

তবে এই সংগঠনের সদস্য সচিব আতাউল্লাহ নাঈম সাংবাদিকদের বলেন, “একদিন আগেই সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।”

দুপুর ১২টার দিকে এই সংগঠনের নেতারা বাংলাদেশ ব্যাংকে যান। প্রথমে তাদেরকে গভর্নরের কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি।

এদিকে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা গভর্নরের সঙ্গে দেখা করতে গেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে সংবাদকর্মীরা বাংলাদেশ ব্যাংকে জড়ো হন।

এক পর্যায়ে ডেপুটি গভর্নর এই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে রাজি হন। দুপুর পৌনে ২টার দিকে তাদের ৫ মিনিটের জন্য ডাকা হয়।

তখন সংগঠনের আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি গভর্নরের সঙ্গে দেখা করতে যান।

ফিরে এসে আতাউল্লাহ নাঈম সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার উন্নয়নে আমাদের সুপারিশগুলো আমরা ডেপুটি গভর্নরের কাছে তুলে ধরেছি। একইসঙ্গে আগামী মুদ্রানীতিতে এসব সুপারিশের প্রতিফলন দাবি করেছি।”

ডেপুটি গভর্নরের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এই সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিকে পুঁজিবাজারবান্ধব করা, ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সুবিধা বর্তমান অবস্থায় বজায় রাখা, বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের সুদ হার কমানো, পুঁজিবাজার থেকে ব্যাংকগুলোর মুনাফা দ্রুত বিনিয়োগে আনার উদ্যোগ নেয়া, ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি রাখার হার কমানো, চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে চার্জ প্রত্যাহার, পুঁজিবাজারে কেন্দ্রীয় ব্যাংকের বিনিয়োগ ইত্যাদি।

প্রতিনিধি দলের নেতারা জানান, গত ২৭ ডিসেম্বর এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। তবে কোথাও কোনো নিবন্ধন এখনো হয়নি।

৭১ জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন সংগঠনের উদ্যোক্তারা। বর্তমানে এই ৭১ জনই সংগঠনটির সদস্য।

এই নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সংগঠন ছয়টিতে দাঁড়িয়েছে।