সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে ডিএসইতে
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পাশাপাশি সাধারণ সূচকেও সামান্য উন্নতি হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। বেলা ১১টার পর কিছুটা নেমে গেলেও ওঠানামার মধ্য দিয়ে দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ১৫৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় প্রায় ১৬২ দশমিক ০৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮২টির, কমে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
মঙ্গলবার ডিএসইতে ১৫২ দশমিক ৯০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। সূচক বাড়ে ৩০ পয়েন্ট। তবে এর আগের দুই দিনই সূচক ও লেনদেন কমে।
রোববার লেনদেন হয় ১০৬ দশমিক ১৮ কোটি টাকার শেয়ার। সূচক কমে ৩০ পয়েন্ট। আর সোমবার মাত্র ১০১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, সূচক কমে ২০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়লেও তার আগের দুই সপ্তাহেই সূচক কমে। গড় লেনদেনও কমতে কমতে ১২৭ কোটিতে নেমে আসে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বাড়ে দশমিক ৮২ শতাংশ বা প্রায় ৩৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় ১২৭ কোটি টাকার শেয়ার।
এর আগের সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট কমে। গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে সূচক ৪১ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৪৬ কোটি টাকার শেয়ার।
