২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ব্যাংককে ছেঁড়া নোট গ্রহণের নির্দেশ

সব ব্যাংকের শাখাগুলোকে জনসাধারণের কাছ থেকে ছেঁড়া, ফেটে যাওয়া ও ময়লা নোট গ্রহণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে।

একইসঙ্গে কোন ব্যাংক কী পরিমাণ ছেঁড়া, ফাটা ও ময়লা নোটের বিনিময়ে নতুন নোট সরবরাহ করেছে তার মাসিক প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংককে পাঠাতে বলা হয়েছে।

এজন্য ব্যাংকের প্রত্যেকটি শাখায় একটি বিশেষ ডেস্ক স্থাপন করে নোটের যথার্থতা যাচাইয়ের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার বিষয়েও নির্দেশনা দেয়া হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক (নোট রিফান্ড) রেজোল্যুশন -১৯৪৭ রহিত করে বাংলাদেশ ব্যাংক (নোট রিফান্ড) রেজোল্যুশন -২০১২ প্রবর্তন করা হয়েছে।

নতুন এই বিধানে ছেঁড়া, ফেটে যাওয়া ও ময়লা নোট সংক্রান্ত বিধানে পরিবর্তন আনা হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকের সব শাখায় জনসাধারণের দৃষ্টিগোচর হয় এমন স্থানে ‘ছেঁড়া, ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে নোটিশ দিতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ময়লা অবিকৃত নোট জমা দেয়ার সঙ্গে সঙ্গেই তার বিনিময় মূল্য দিতে বাধ্য থাকবে ব্যাংক। ছেঁড়া নোট যদি মূল নোটের ৯০ শতাংশের বেশি হয় সেক্ষেত্রেও কাউন্টার থেকে বিনিময় মূল্য দিতে হবে। ।

এছাড়া কোনো ব্যক্তি জাল নোট বা একাধিক নোটের বিচ্ছিন্ন অংশ যোগ করে উপস্থাপন করলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার পরামর্শ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।