২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ব্যাংককে বিনিয়োগ নিয়ে তথ্য জানাতে আবারও নির্দেশ

চার ব্যাংকের ১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এখনও প্রতিবেদন জমা দেয়নি ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

গত ৭ জানুয়ারি বিএসইসি পরিচালক মো. মনসুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিয়ে ব্যাংকগুলোতে তাগাদা দিয়েছে বলে মঙ্গলবার জানা গেছে।

ব্যাংকগুলো হলো পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং পূবালী ব্যাংক।

প্রায় ছয় মাস আগে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন আকারে বিনিয়োগের ঘোষণা দেয় ৫টি ব্যাংক। ওই ঘোষণার প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ব্যাংকগুলোকে পরবর্তীতে এ ধরণের ঘোষনা না দেয়ার নির্দেশ দেয়। সেই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের বিনিয়োগকৃত অর্থ কোন সিকিউরিটিজ হাউজে জমা দিয়েছে এবং কত দিনের মধ্যে ঘোষিত বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে সে বিষয়েও জানতে চায় এই নিয়ন্ত্রক সংস্থা।

কিন্তু এ ঘোষনা দেয়ার পর ছয় মাস হতে চললেও ব্যাংকগুলো বিনিয়োগের বিষয়টি বিএসইসির কাছে পরিস্কার ভাবে জানায়নি। যার প্রেক্ষিতে এ আদেশ জারি করে বিএসইসি।

আদেশে বলা হয়, “আপনাদের (ব্যাংক) ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করার সাত কার্যদিবসের মধ্যে এ বিষযে একটি প্রতিবেদন কমিশনে দাখিল করার অনুরোধ জানানো হয়। কিন্তু তা সত্বেও আজ পর্যন্ত (৭ জানুয়ারি) আপনাদের ওই প্রতিবেদন কমিশনে দাখিল করেননি।”

ঘোষিত ওই বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে কমিশনে দাখিল করার জন্য নতুন করে বলা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির এ ধরনের বিনিয়োগের তথ্য মূল্য সংবেদনশীল তথ্যের আওতায় পড়ে। নিয়মানুযায়ী এসব সিদ্ধান্ত হওয়ার ৩০ মিনিটের মধ্যে অবশ্যই তা ডিএসই, সিএসই ও বিএসইসিকে জানানো প্রয়োজন। এমনকি ডিএসইর ওয়েবসাইটেও এসব তথ্য প্রকাশেরও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওই ব্যাধ্যবাধকতা তোয়াক্কা না করে জাতীয় দৈনিকে বিনিয়োগের ঘোষনা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ব্যাংকগুলো।

যার প্রেক্ষিতে গত বছরের ২৪ জুলাই এ সংক্রান্ত বিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে বিজ্ঞপ্তি প্রদানকারী ব্যাংকগুলোকে কোন সিকিউরিটিজ হাউজের মাধ্যমে ঘোষিত বিনিয়োগ সম্পাদন করা হবে তার তথ্য, বিনিয়োগকৃত অর্থ ইতিমধ্যে সিকিউরিটিজ হাউজে জমা করা হয়েছে কিনা এবং কতদিনের মধ্যে ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করা হবে সে তথ্য ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনে দাখিল করার জন্য বলা হয়।

এছাড়া ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করার ৭ কার্যদিবসের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করার অনুরোধ করা হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকগুলো ঘোষিত বিনিয়োগের সব তথ্য বিএসইসিতে জমা দিলেও বিনিয়োগ সম্পন্ন করার তথ্য জমা দেয়নি।

বিনিয়োগের ঘোষনা দেয়া ওই চার ব্যাংকের মধ্যে এনসিসি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১০০ কোটি করে মোট ২০০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৩০০ কোটি টাকা ও পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষনা দেয়।