বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে বেড়েছে মূল্যও
দেশে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি রাখতে পারলেও সরকার গত চার বছরে বিদ্যুতের দাম সাত বার এবং জ্বালানি তেলের দাম পাঁচ বার বাড়িয়েছে।
দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে মহাজোট সরকারের প্রতিশ্রুতি অনুযায়ীই। তবে বিশ্লেষকদের মতে এ অগ্রগতি হয়েছে স্বল্প মেয়াদি পরিকল্পনার ওপর নির্ভর করে যা বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি ও মূল্য কমানোর জন্য সহায়ক নয়।
আর জ্বালানি তেলে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, যা কমাতে গিয়ে গিয়ে সরকার গত চার বছরে বিদ্যুতের দাম সাত বার এবং জ্বালানি তেলের দাম পাঁচ বার বাড়িয়েছে।
বতর্মান মহাজোট সরকারের প্রধান অংশীদার আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৩ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে সাত হাজার মেগাওয়াটে।
এর মধ্যে এ সরকারের আমলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত ৪ অগাস্ট ৬ হাজার ৩৫০ মেগাওয়াট।
আর বিদ্যুৎ খাতের অগ্রগতির প্রতিবেদনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বলছে, “২০১৩ সাল থেকে চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ উৎপাদন থাকবে।
বতর্মান সরকারের সময়ে ৬০টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হওয়ার পর বিউবোর হিসাবে ২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৯ হাজার ৫০০ মেগাওয়াটের কাছাকাছি থাকবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৪২৫ মেগাওয়াট। কিন্তু কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা এবং জ্বালানি স্বল্পতার কারণে দৈনিক গড় উৎপাদন হচ্ছে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার মেগাওয়াট।
তবে দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা নিয়ে বিতর্ক রয়েছে। চাহিদা-সরবরাহ ব্যবস্থাপনা হিসাবে এনে বিউবো বলছে, বর্তমানে (শীতে) প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৭০০ মেগাওয়াট। গ্রীষ্মে চাহিদা দাঁড়ায় ৬ হাজার ৬০০ মেগাওয়াটের মতো।
বর্তমান সরকারের গত চার বছরে ৫২টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে, যার মোট উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৭৪৫ মেগাওয়াট। ৫২টির মধ্যে ২০টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছিল আগের তত্বাবধায়ক সরকারের সময়, যাদের উৎপাদন ক্ষমতা প্রায় এক হাজার মেগাওয়াট।
বিদ্যুৎ খাতের অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বল্পমেয়াদি পরিকল্পনা দিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তেমন কিছু হচ্ছে না।”
দেশে গ্যাসের সংকট থাকায় উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম হওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না।
পেট্রোবাংলার হিসাবে, বর্তমান সরকারের মেয়াদে দৈনিক গ্যাস উৎপাদন ৭০০ মিলিয়ন ঘনফুট বেড়ে ২২৫০ মিলিয়ন ঘনফুট হয়েছে। দৈনিক ঘাটতির পরিমাণ ২৫০ মিলিয়ন ঘনফুটের বেশি।
গ্যাস সংকটের কারণে বেশ কয়েকটি মাঝারি আকারের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। গ্যাস সংকট দুর হলে এখনই ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব।
ম. তামিম বলেন, “দেশীয় কয়লা ছাড়া সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর অন্য কোনো উপায় নেই। আর দেশীয় কয়লা উত্তোলনের বিষয়টি এখন পুরোপুরি রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। আর তাই এ সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই আসতে হবে।”
“কয়লা তোলা হবে কী না, সে বিষয়টি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে হবে এবং ক্ষমতায় এসে তার বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “তেলভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভরতা বাড়ালে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়বে। আর দেশের কয়লায় বিদ্যুৎ উৎপাদন বাড়ালে এই চাপ কমবে এবং কমমূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে।”
তেলে উৎপাদন বাড়াতে গিয়ে দামও বেড়েছে
এ সরকারের আমলে উৎপাদনের আসা ৩ হাজার ৭৪৫ মেগাওয়াট মধ্যে ১ হাজার ৮২০ মেগাওয়াটই তেলভিত্তিক। ১৫০ মেগাওয়াটের একটি গ্যাস ও তেল উভয়ভিত্তিক এবং বাকিগুলো গ্যাসভিত্তিক।
তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করে উৎপাদন বাড়াতে গিয়ে দেশে জ্বালানি তেলের আমদানি বেড়েছে।
বিপিসির হিসাবে, ২০০৯-১০ অর্থবছরে জ্বালানি তেল আমদানি করা হয়েছিল ৩৭ লাখ ৫৭ হাজার মেট্রিক টন। আর চলতি অর্বছরে তা আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৮ লাখ মেট্রিক টনেরও বেশি।
সংসদে উপস্থাপিত অর্থমন্ত্রলায়ের ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা: দ্বিতীয় হালচিত্রে বলা হয়েছে, ২০১১ সালে মোট বিদ্যুতের ১১ শতাংশ উৎপাদন হয়েছিল তরল জ্বালানি থেকে। ২০১২ সালে তেলভিত্তিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ শতাংশ এবং ২০১৩-১৪ সালে ২১ দশমিক ৬ শতাংশ।
এদিকে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর চেয়ে তেলভিত্তিক কেন্দ্রগুলোর বিদ্যুতের মূল্য পড়ছে পাঁচ গুনেরও বেশি। তাই এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বেশি।
চলতি অর্থবছরের বাজেটে ভর্তুকি ধরা হয়েছে ৩২ হাজার কোটি টাকা, যার মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি ধরা হয়েছে ২৮ হাজার ২০০ কোটি টাকা।
আর এ ভর্তুকি কমাতে গিয়ে সরকার গত চার বছরে বিদ্যুতের দাম সাত বার এবং জ্বালানি তেলের দাম পাঁচবার বাড়িয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ৬০ চুক্তি
২০০৯ সালের ৬ই জানুয়ারি শপথ নেওয়ার পরই বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে নানামুখী পরিকল্পনা এবং কর্মকাণ্ড শুরু করে। এ খাতে বিনিয়োগ টানতে বিদেশে রোড শো করা হয়। বিনিয়োগ সহজ করতে বিশেষ আইন করা হয়।
এরপর শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি। শুরুতে বেসরকারিখাতে ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেয়া হলেও পরে সরকারি ও বেসরকারি পর্যায়ে অপেক্ষাকৃত বড় ও মাঝারি কেন্দ্র স্থাপনের চুক্তি হতে থাকে।
ডিসেম্বর পর্যন্ত মোট ৬০টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার ১৩৮ মেগাওয়াট।
এরমধ্যে ৩টি ভাড়াভিত্তিক (২৬৫ মেগাওয়াট), ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক (১ হাজার ৩৮৮ মেগাওয়াট), ১৯টি বেসরকারি খাতের আইপিপি (৩ হাজার ৩৬৭ মেগাওয়াট) এবং সরকারি খাতে ২১টি কেন্দ্র (৩ হাজার ১১৮ মেগাওয়াট)।
এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে বলে সরকার আগেই ঘোষণা দিয়েছে।
গত চার বছরে মাঝারি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন শুরু করেছে তাদের বেশিরভাগের ক্ষমতাই ১০০ মেগাওয়াটের নিচে। ১৫০ মেগাওয়াট এবং এর বেশি উৎপাদন ক্ষমতার কেন্দ্র মাত্র চারটি।
এদিকে বেসরকারিখাতের (আইপিসি) ৩ হাজার ৩৬৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ১৯টি কেন্দ্রের চুক্তি হলেও কাজে তেমন অগ্রগতি হয়নি। তবে সরকারি খাতের মাঝারি আকারের কয়েকটি প্রকল্পের কাজে অগ্রগতি হয়েছে।
সরকারি মালিকানায় একক ইউনিট হিসেবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ৪২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার হরিপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি এ বছরের মাঝামাঝি সময়ে উৎপাদন শুরু করবে।
