অব্যাহত দরপতনে পুঁজিবাজার
বছরের দ্বিতীয় দিনেও সূচক পড়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। মোটের ওপর এদিনের লেনদেন ছিল গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
বছরের দ্বিতীয় দিনেও সূচক পড়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। মোটের ওপর এদিনের লেনদেন ছিল গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
আর আস্থা সংকটকেই এই দরপতনের কারণ হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।
বুধবার সকালে লেনদেনের শুরু থেকেই কমতে থাকে সূচক। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ১৩৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫২ পয়েন্ট কম। এদিন হাতবদল হয়েছে ১২০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
সর্বশেষ গত বছরের ২১ জুন সর্বনিম্ন লেনদেন হয়েছিল ১১৮ কোটি টাকা।
লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগে মঙ্গলবার বছরের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমেছিল প্রায় ২৮ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বুধবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং, টেক্সটাইল ও ভ্রমণ খাতের শেয়ার।
শেখ আতিক ইখতিয়ার নামে এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, আস্থা সংকটের কারণেই বিনিয়োগকারীরা পুঁজিবাজারবিমুখ হয়ে পড়েছেন। আর সে কারণেই লেনদেন কমছে, পড়ছে সূচক।
তার মতে, “শেয়ার কেনার ক্ষমতাও কমে গেছে বিনিয়োগকারীদের। যারা মার্জিন লোনে ব্যবসা করেন তাদের কেনার ক্ষমতা নেই, কারণ তাদের মূলধন ঋণাত্মক । তাছাড়া প্রণোদানাও বাস্তবায়ন হয়নি।”
অবশ্য একদিন আগেই ব্রোকারিজ হাউস এইমসের ব্যবস্থাপনা পরিচালক ইওয়ার সাঈদ জানিয়েছিলেন, পুঁজিবাজারে যা প্রণোদনা দেয়ার ছিল, সবই দেয়া হয়েছে। ব্যাংকগুলোর মুনাফা আসা শুরু না হলে অবস্থার পরিবর্তন আসবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাম কমার কারণে বিক্রি না করে বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখতে চাচ্ছে। আর সে কারণেই লেনদেন কমছে।”
এদিকে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সদস্যরা জড়ো হয়ে নতুন বছরে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানায়।
পাশাপাশি তারা দরপতন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
এ সময় অনেককেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।
বুধবারের লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লি., ইউনিক হোটেল, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, এনবিএল, সামিট পাওয়ার, সিএমসি কামাল, জেনারেশন নেক্সট ও আরএন স্পিনিং।
এর মধ্যে বৃদ্ধির শীর্ষ প্রধান ১০ কোম্পানি হলো বিডি ল্যাম্পস, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, ইসলামি ইন্সুরেন্স, সিএমসি কামাল, আইসিবি এএমসিএল ১ম, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, রেকিট বেঙ্কাইজার ও হাক্কানী পাল্প।
অন্যদিকে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হলো মাইডাস ফাইন্যান্স, এলআর গ্লোবাল মি. ফা.-১, এবিবি ১ম মি. ফা., রিলায়েন্স ইন্সুঃ, মডার্ন ডাইয়িং, মুন্নু স্টাফলার, মেঘনা পেট, প্রাইম লাইফ, এনসিসিবি মি. ফা.-১ ও ডেসকো।
