সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান
হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে বহু আলোচনার মধ্যে চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া এ এইচ এম হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের ‘রক্ষায়’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চেষ্টা সফল হবে না।
বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারের কথা আবার দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আমি স্পষ্ট বলতে চাই- আপনি (খালেদা জিয়া) বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।
“যুদ্ধাপরাধীদের বিচার ইনশাল্লাহ শেষ হবে। তারা উপযুক্ত শাস্তি পাবে। এই বিচার আটকাতে পারবেন না।”
সোহরাওয়ারর্দী উদ্যানে বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী। নয় বছর পর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই শাখার সম্মেলন হচ্ছে।
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জনগণের আকাঙ্ক্ষা কী- তা বোঝার চেষ্টা করুন। জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন।”
যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার স্মরণ করে তিনি বলেন, “বিএনপি নেমে গেছে যুদ্ধাপরাধীদের রক্ষায়। অর্থ, অস্ত্র ও সন্ত্রাসে তারা চাম্পিয়ন। আমাদের আছে মনোবল।”
ঢাকায় বুধবারের গণসংযোগে আওয়ামী লীগকে ‘সাপ’ বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছিলেন, তার জবাবে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগকে সাপ বলেন। তাহলে, যুদ্ধাপরাধীরা উনার কাছে ফেরেশতা। যারা হত্যা, অগ্নিসংযোগ ও ধর্ণ করেছিল- তারা উনার কাছে অত্যন্ত উন্নত জীব!
“উনি (খালেদা জিয়া) সাপ নিয়ে খেলছেন। সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছেন।”
শেখ হাসিনা আরো বলেন, “আমি কিছু বলতে চাই না। আমি অনেক কিছুর নীরব সাক্ষী। পারিবারিক সমস্যা নিয়ে কে আমাদের বাড়িতে আসতেন- সে কথা বলে আর লজ্জা দিতে চাই না।”
বিরোধীদলীয় নেতার সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, “উনি আন্দোলনের নামে রাস্তায় নেমেছেন। উনি অনেক বক্তৃতা দিলেন। আওয়ামী লীগের ওপর উনার অনেক রাগ।
“আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেই আপনার স্বামী মেজর থেকে মেজর জেনারেল হতে পেরেছিলেন। এর বেশি আর কিছু বলতে চাই না।”
ক্ষমতায় গিয়েও জিয়া হত্যা মামলা সচল না করায় খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “জিয়া হত্যা মামলা চট্টগ্রাম আদালতে এখনো আছে। খুনের মামলা কখনো তামাদি হয় না।
“আপনি দু’বার ক্ষমতায় গিয়েও স্বামীর হত্যার বিচার করেননি কেন?”
সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “নিজে তো কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন। প্রধানমন্ত্রী হয়ে কালো টাকা বানিয়েছেন।”
মুদ্রা পাচার মামলায় দণ্ডিত আরাফাত রহমানের পাচার করা অর্থ ফেরত আনার কথা তুলে ধরে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “টাকা ফেরত এনেছি। তাও লজ্জা হয় না।”
সন্তান সজীব ওয়াজেদ জয়ের শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার ছেলে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয় হাভার্ড থেকে ডিগ্রি এনেছে।
“আপনি তো ছেলেদের পড়ানোর জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়েছিলেন। আপনার ছেলেরা কী হয়েছে? দুর্নীতি আর মানি লন্ডারিংয়ে ডিগ্রি নিয়েছে।”
আগামী নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা।
“ভোগে নয়, ত্যাগেই হচ্ছে সবচেয়ে বেশি অর্জন। ত্যাগের মহিমা নিয়ে আওয়ামী লীগ গড়ে উঠেছিল বলেই জাতির পিতা এদেশকে স্বাধীন করতে পেরেছিলেন।”
বিরোধী দলের সমালোচনার জবাবে হল-মার্ক ও ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা তুলে ধরেন সরকার প্রধান।
“আমরা হলমার্ ও ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা সব জায়গায় ডিসিপ্লিন ফিরিয়ে আনছি। আর, হল-মার্কের উত্থান তো হাওয়া ভবন থেকে।”
পদ্মা সেতু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “বিশ্ব ব্যাংক বলছে, দুর্নীতি হয়নি, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আর, এর পেছনে কারা আছে, তা আমরা জানি।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা মহানগরের নেতাদের কার্যক্রমের সমালোচনা করেন।
“দুঃখের সঙ্গে বলতে চাই, তাগিদ দেয়া সত্ত্বেও আপনারা সদস্য সংগ্রহ করেননি। একটি ওয়ার্ডেও সম্মেলন করেননি। এটা শুভ লক্ষণ নয়।”
একই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আপনারা কিছু বই (সদস্য ফরম) নিয়েছেন। আরো বেশি বই নিতে হবে। সদস্য সংগ্রহ অব্যাহত রাখতে হবে। ওর্য়াড ও থানা পর্যায়ে অনতিবিলম্বে সম্মেলন করতে হবে।”
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দলীয় সভানেত্রীর মুক্তির দাবিতে অল্প সময়ের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি আশা করি, আপনারা অল্প সময়ের মধ্যে যেভাবে ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। সেভাবে সদস্য সংগ্রহ করবেন।”
