২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা উদ্যোগেও থামছে না ডলারের দরপতন

কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ সত্ত্বেও টাকার বিপরীতে মান কমতে কমতে বুধবার ডলারের দর ৮০ টাকার নিচে নেমে আসে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 06:17 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

বাজারে হস্তক্ষেপ করেও টাকার বিপরীতে ডলারের দাম ধরে রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।

টাকার বিপরীতে মান কমতে কমতে বুধবার ডলারের দর ৮০ টাকার নিচে নেমে এসেছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বুধবার প্রতি ডলারের বিনিময়ে পাওয়া গেছে ৭৯ টাকা ৮৫ পয়সা থেকে ৭৯ টাকা ৯০ পয়সা।

এক বছর আগে এই ডলারের দর বাড়তে বাড়তে এক পর্যায়ে প্রায় ৮৫ টাকায় উঠেছিল।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং প্রকল্প সহায়তা বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ডলারের দাম কমছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়া আমদানি ব্যয় কমাও এর একটি কারণ বলে জানিয়েছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডলারের দরপতন ঠেকাতে চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ৩০ কোটি ডলার কিনেছে। আর চলতি ২০১২-১৩ অর্থবছরে ছয় মাসে (পহেলা জুলাই থেকে ২৬ ডিসেম্বর) কিনেছে ২০১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান জানান, রেমিটেন্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে।

তিনি জানান, বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১২ দশমিক ৭২ বিলিয়ন (এক হাজার ২৭২ কোটি) ডলার, যা দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সুবিধার দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার পাওয়া গেলে রিজার্ভ আরো বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সাইদুর রহমান বলেন, “ডলারের দর পড়ে যাওয়ায় আমদানি খরচ কমবে। সার, জ্বালানি তেলসহ অন্যান্য খাতে সরকারের ভর্তুকি কমবে। মূল্যস্ফীতিও কমবে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডলারের দর এক পর্যায়ে ৮৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত উঠেছিল। যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ দর। এরপর থেকেই ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে।

তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর কমেছে দেড় টাকার বেশি। ৩০ নভেম্বর প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮১ টাকা ৪০ পয়সায়। বুধবার তা ৭৯ টাকা ৮৫ পয়সায় নেমে এসেছে।

কোনো কোনো ব্যাংক বুধবার ৭৯ টাকা ৫০ পয়সাতেও ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) প্রবাহ বাড়ায় রিজার্ভ বেশ কিছুদিন ধরেই মজবুত অবস্থানে রয়েছে। বিদেশি সাহায্য বৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে যাওয়াও এতে প্রভাব ফেলেছে।

“আর এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করেও ডলারের দর ধরে রাখতে পারছে না।”

কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এমন আশংকার কথা জানিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে। এর ফলে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যাচ্ছে। যার ফল হিসেবে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।