বাণিজ্য ঘাটতি হ্রাসও উল্টো শঙ্কা ছড়াচ্ছে
জ্বালানি তেল, খাদ্যপণ্যের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে, যা শিল্পায়নের ক্ষেত্রে নেতিবাচক বলে মনে করছেন গবেষকরা।
বাণিজ্য ঘাটতি কমলেও তা দেশের অর্থনীতির জন্য সুখবর দিচ্ছে না বলে মনে করছেন গবেষকরা।
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসের হিসাবে (জুলাই-অক্টোবর) আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ২৫১ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের এই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৩১৮ কোটি ডলার।
জ্বালানি তেল, খাদ্যপণ্যের পাশাপাশি এই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে, যা শিল্পায়নের জন্য নেতিবাচক বলে মনে করছেন গবেষকরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের শঙ্কা মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া নিয়েই।
দুজনেই বললেন, এই প্রবণতা দেশের অর্থনীতির জন্য ভালো নয়।
জায়েদ বখত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিকভাবে আমদানি ব্যয় কমা ভাল। তবে শিল্প স্থাপনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে মূলধনী যন্ত্রপাতি, তার আমদানি কমলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
তেমনটি ঘটলে চলতি অর্থবছরে সরকারের প্রত্যাশিত ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন নাও হতে পারে বলে সতর্ক করেন তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, “আপাত দৃষ্টিতে বাণিজ্য ঘাটতি কমাকে ভালো মনে হতে পারে। আমদানি খাতে ব্যয় কমছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। কিন্তু সার্বিক বিবেচনায় এটাকে পজিটিভ বলা যাচ্ছে না।
“ক্যাপিটাল মেশিনারি (মূলধনী যন্ত্রপাতি), কাঁচামালসহ শিল্প খাতের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের আমদানি কমছে।”
“এতে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। উৎপাদন কম হবে। কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জন নাও হতে পারে।”
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে শিল্প স্থাপনের যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার হার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ কম দেখা যায়। পরবর্তী মাসগুলোতেও এই চিত্র খুব বদলায়নি বলে সংশ্লিষ্টরা বলছেন।
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ১ হাজার ৭৫ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। আর তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮২৩ কোটি ৩০ লাখ ডলার। সার্বিক ঘাটতি ২৫১ কোটি ৭০ লাখ ডলার।
২০১১-১২ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পণ্য আমদানি খাতে ব্যয় হয়েছিল ১ হাজার ১২০ কোটি ৬০ লাখ ডলার। রপ্তানি খাতে আয় হয়েছিল ৮০২ কোটি ৬০ লাখ ডলার। ঘাটতির পরিমাণ ছিল ৩১৮ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এই হিসাবে আলোচ্য সময়ে আমদানি ব্যয় কমেছে ৪ দশমিক ০৭ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৫৮ শতাংশ।
২০১১-১২ অর্থবছরের পুরো সময়ে (১২ মাসে) সার্বিক বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭৯৯ কোটি ৫০ লাখ ডলার।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সাধারণত বাণিজ্য ঘাটতি প্রতিবছরই বাড়ে। কিন্তু এবার তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
“গত কয়েক বছর বাম্পার ফলনের কারণে চাল আমদানি করতে হচ্ছে না। বিশ্ববাজারে দাম কম থাকার কারণে জ্বালানি তেল আমদানি খাতেও ব্যয় কম হচ্ছে।”
গত অর্থবছরের চেয়ে এবার বাণিজ্য কম হবে বলে মোস্তাফিজুর রহমানের ধারণা।
এদিকে আমদানি কমায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ১২শ’ কোটি ডলার ছাড়িয়েছে। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ২১৫ কোটি ডলার।
অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ। আর জুলাই-অক্টোবর সময়ে আমদানি ব্যয় কমেছে ৬ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের একই সময়ে আমদানি ব্যয় বেড়েছিল ২৩ দশমিক ১৩ শতাংশ।
(বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীতে আমদানি ও রপ্তানির যে হিসাব দেয়া হয়েছে, তাতে আমদানি ও রপ্তানি পণ্য মূল্যের প্রকৃত হিসাব (এফওবি) দেখানো হয়েছে। এ হিসাবে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইন্সুরেন্স (বীমা), পিএসআইসহ (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন) অন্যান্য চার্জ বাদ দিয়ে হিসাব করা হয়েছে। এ সব চার্জ সেবা খাতের সঙ্গে যোগ করা হয়েছে। সে কারণে মোট রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের যে হিসাব পাওয়া যায় তার সঙ্গে এ হিসাবের হেরফের হয়ে থাকে)
