ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিবেদন নিয়ে আলোচনা অমীমাংসিত রেখেই বিশ্ব ব্যাংক পর্যবেক্ষকদের ঢাকা ছাড়ার প্রেক্ষাপটে বহু প্রতিক্ষিত পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে একটি বিবৃতি দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক যে দুর্নীতির অভিযোগ করেছে তা তদন্তের অগ্রগতি নিয়ে আমি দুদকের সঙ্গে কথা বলব। এরপর সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেব।”
তবে কবে সেই বিবৃতি আসবে, তা বলেননি মুহিত।
পদ্মা সেতু নিয়ে প্রায় প্রতিদিনই অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগেও এ বিষয়ে একাধিক বিবৃতি দিয়েছেন তিনি। জাতীয় সংসদেও একটি বিবৃতি দিয়ে পরিস্থিতি জানিয়েছিলেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে আসা বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা ফিরে যাওয়ার তিন দিন পর গত শনিবার বিশ্ব ব্যাংক আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ‘সুষ্ঠু ও পূর্ণাঙ্গ’ না হলে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন করবে না।
এর প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “হঠাৎ করে এই বিবৃতিতে আমি সারপ্রাইজড হয়েছি।”
মুহিত বলেন, “আমাদের দুদক সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করছে। এই অবস্থায় আকষ্মিক এই বিবৃতিকে আমি ওয়েলকাম করতে পারছি না।”
বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ গত জুনে ২৯১ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করলেও সরকারের নানামুখী তৎপরতায় গত ২০ সেপ্টেম্বর আবার পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয়।
এরপর বিশ্ব ব্যাংকের শর্ত অনুযায়ী দুদকের তদন্ত পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুই দফা ঢাকায় আসে।
তবে দ্বিতীয় দফায় ঢাকা আসার পর দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতভেদ নিয়েই গত ৫ ডিসেম্বর ফিরে যান পর্যবেক্ষক দলের সদস্যরা।
পদ্মা প্রকল্পে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানালেও কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে- সে বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে তাদের মতৈক্য হয়নি।
দুর্নীতি অনুসন্ধানে দুদক গঠিত প্যানেল প্রতিবেদন জমা দেয়ার পরদিন ৬ ডিসেম্বর এ কথা বলেছিলেন চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি সে সময় জানান, দুদকের অনুসন্ধান কমিটি কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে এবং এর সংখ্যা ১০ জনের কম।
অ্যালেন গোল্ডস্টেইন বিবৃতিতে বলেন, পর্যবেক্ষকরা প্রথম সফরে বাংলাদেশের আইন অনুসরণ করে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুদকে তাগিদ দিয়েছিল।
“দ্বিতীয় দফা সফরে প্যানেল অমীমাংসিত কিছু বিষয় দেখতে পেয়েছে এবং পাওয়া তথ্যের ভিত্তিতে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য আবারো দুদককে তাগিদ দিয়েছে।”
গোল্ডস্টেইন বলেন, দুদক তাদের পর্যালোচনা শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই বিশ্ব ব্যাংক প্যানেল এ বিষয়ে তাদের অবস্থান জানাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৫১০ ঘ.
bdnews24